২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুজন খুন

যশোরে হত্যা মামলার আসামিকে গলাকেটে এবং দর্জিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 02:39 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শনিবার সকালে শহরের শংকরপুর সন্ন্যাসী দীঘির পাড় থেকে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা ও স্থানীয় একটি পত্রিকার সম্পাদকসহ বেশ কয়েকটি হত্যা মামলার আসামি সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয় এবং ভোরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছাদুল (৩৬) মারা যায় বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকাল ৭টার শংকরপুর সন্ন্যাসী দীঘির পাড় থেকে সাইফুলের বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

শংকরপুর জমাদ্দার পাড়ার জেহের মন্ডলের ছেলে সাইফুল।

সাইফুলের স্ত্রী মর্জিনা বেগম বলেন, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন সাইফুল। রাত ১০টার দিকে ফোন দেয়া হলে তিনি বাড়ি আসছেন বলে জানান।

“এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ পাওযা যায়। সকালে লাশ উদ্ধারের খবর পাই।”

এসআই জহুরুল বলেন, সাইফুল যশোরের হাসান-মিজান চোরাচালানি সিন্ডিকেটের সদস্য ছিল। তার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় ১৯৯৮ সালে দৈনিক রানার সম্পাদক সাইফুল আলম মুকুল, ১৯৯৯ সালে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, ১৯৯৭ সালে লাউজানি ফোর মার্ডারসহ একাধিক হত্যা, ডাকাতি ও চোরাচালানি মামলা রয়েছে।

“২০০৯ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে হাসান ও মিজান নিহত হওয়ার পর মহিলাদের দিয়ে মশলা জাতীয় পণ্য অবৈধভাবে ভারত থেকে আনিয়ে বাজারে সরবরাহ করত সাইফুল।”

মনিরামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, দর্জি শ্রমিক আছাদুল শুক্রবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় গ্রামের মধ্যেই দুর্বৃত্তরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে।

ভোরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।