ভাষাসৈনিক আকবর আলীর মৃত্যু
সিরাজগঞ্জে ভাষাসৈনিক আকবর আলী খান মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকবর আলী খান স্কুলে পড়ার সময় বায়ান্নোর ভাষা আন্দোলনে অংশ নেন।
“সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মুক্তির সোপানে অনুষ্ঠিত একুশের স্মরণ সভায় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে প্রয়াত এই ভাষাসৈনিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়।”
ভূমি অফিসে চাকরি করতেন আকবর আলী। তার স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রয়েছে।
তার বড় মেয়ে মদিনা খানম সিরাজগঞ্জ যুব মহিলা লীগের সভানেত্রী, ছোট মেয়ে জেদ্দা পারভীন খান রীমি আওয়ামী লীগের উপ-কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা, মেঝ ছেলে আতাউর রহমান খান প্রভাষক।
আকবর আলীর ছোট ছেলে কাওসার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাবা ১৯৫২ সালে সিরাজগঞ্জ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ২১ ফেব্রুয়ারিতে মিছিলে যাওয়ায় দুই সহপাঠী আনোয়ার হোসেন রতু ও আব্দুল হান্নান তালুকদারের সঙ্গে তিনিও গ্রেপ্তার হয়েছিলেন।”
এশার নামাজের পর সয়াধানগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা হয় প্রয়াত এই ভাষাসৈনিকের। রাত সাড়ে ১০টার দিকে রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হয়।
