এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে শাহজালালের ৪ ছাত্র আহত
সিলেটে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় আবাসিক ছাত্র হলের পাশের নয়াবাজারে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় বিবিএর ছাত্র অভিলাষকে প্রবেশে বাধা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায় জানান, আহত অভিলাষ, মুরাদ, হিমেল ও নাজমুলকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, অভিলাষকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের ১০/১২ জন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে মেলা আয়োজকদের সঙ্গে তাদের কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় এলাকার কিছু লোকজন জড়ো হয়ে মেলা আয়োজকদের সঙ্গে মিলে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। তারা ছাত্রহলের দিকে এগোতে থাকলে শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়তে থাকে।
পরে পুলিশ ১৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জালালাবাদ থানার এসআই হায়দার হোসেন জানান।
