২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আওয়ামী সমর্থকদের ৩০ দোকান ভাংচুর

জামালপুরের সরিষাবাড়িতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ সমর্থকদের ৩০টি দোকান ভাংচুর করেছে বিএনপি সমর্থকরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 11:17 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শুক্রবার সন্ধ্যা ৭টায় সরিষাবাড়ির চররৌহা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, ১৯ ফেব্রুয়ারি সরিষাবাড়ি উপজেলা পরিষদের নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে পরাজিত করে জয়ী হন। এ ঘটনায় দুপক্ষের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিলো।

এরই জের ধরে বিএনপি সমর্থকরা চররৌহা বাজারে আওয়ামী লীগ সমর্থকদের ৩০টি দোকান ভাংচুর ও লুটপাট করে।

খবর পেয়ে সরিষাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গেও বিএনপির সমর্থকদের ধাওয়া পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ২৫টি গুলি ছোঁড়ে।

এ সময় বিএনপি সমর্থকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্যসহ সাত জন আহত হন।

ঘটনাস্থল থেকে বিএনপির সমর্থক আলতাফ মেম্বারসহ ৩ জনকে আটক করা হলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার নজরুল।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আহতদের

সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।