২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফারি পার্কে আহত বাঘের মৃত্যু

সুন্দরবন থেকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসার পনের দিন পর গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে চিকিৎসারত একটি বাঘের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 10:41 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বুধবার রাত ১০টায় মারা যাওয়া ওই রয়েল বেঙ্গল টাইগারটিকে গত ৭ ফেব্রুয়ারি পায়ে আঘাতপ্রাপ্ত অবস্থায় সুন্দরবন থেকে উদ্ধার করার পরদিন শ্রীপুরের সাফারি পার্কে নিয়ে আসা হয়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টচার্য বাঘের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাঘটি অসুস্থ অবস্থায় এখানে আনা হয়েছিল। সেটিকে চিকিৎসকরা সব রকম চিকিৎসা দেয়ার চেষ্টা করেছেন। এরপর বাঘটি গত বুধবার রাতে মারা যায়।”

তিনি জানান, সাফারি পার্কে বাঘটিকে ভেটেরিনারি ও বন বিভাগের বন্যপ্রাণী চিকিৎসকদের একটি দল চিকিৎসা করেন। এরপর ক্ষত স্থানে আবার আঘাত লাগলে বাঘটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে বাঘটি কিছু খাচ্ছিলো না।

বঙ্গবন্ধু সাফারি পার্কের চিকিৎসকেরা পুনরায় অপারেশন করতে গেলে বাঘের হিংস্রতার কারণে তা সম্ভব হয়নি বলে জানান তিনি।