২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী হত্যার অভিযোগ সৎমেয়েসহ স্ত্রী গ্রেপ্তার

রাজধানীতে একটি সিনেমা হলের কর্মচারীকে হত্যার অভিযোগে তার সৎমেয়ে ও দ্বিতীয় স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 09:56 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

মৃত নুরু মিয়া (৪৮) সবুজবাগের ওয়াহাব কলোনির বাসিন্দা। তিনি কাকরাইলের রাজমনি সিনেমা হলের কর্মচারি।

সবুজবাগ থানার উপপরিদর্শক বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার মাধ্যরাতে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধারের পর শুক্রবার সকালে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগম, তার আগের স্বামীর ঘরের মেয়ে আমেনা বেগম, আমেনার স্বামী খোকন মিয়াসহ আরো দু’জন।

সকালে তাদেরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন করলে মহানগর হাকিম নুরু মিয়া তাদের পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।

বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ নিহতের লাশ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, নুরু মিয়া আত্মহত্যা করেছে বলে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করলেও লাশ যেভাবে পাওয়া গেছে তাতে আত্মহত্যার কোনো নমুনা নাই।

“সিলিং ফ্যানের সঙ্গে মৃতদেহটি ঝুলানো থাকলেও হাঁটু খাটে লাগানো ছিল। তা ছাড়া আত্মহত্যার যেসব নমুনা তার কোনটি ছিল না। তবুও নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্ত প্রতিবেদন প্রয়োজন।”

এই ঘটনায় নুরু মিয়ার প্রথম স্ত্রীর ছেলে মনির হোসেন বাদি হয়ে সকালে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন।

বেলাল জানান, নুরুর প্রথম স্ত্রী নাজমা বেগম তার সঙ্গে থাকেন না। প্রায় চার বছর আগে আলেয়াকে বিয়ে করে নুরু মিয়া। এই ঘরে তাদের কোন সন্তান নাই।

তিনি বলেন, নুরুর সঙ্গে আলেয়ার দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

দ্বন্দ্বের কারণ জানাতে না পারলেও এই পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় মাদক বিক্রেতা এক মহিলার সঙ্গে আলেয়ার ঘনিষ্ঠতা রয়েছে। নুরু মিয়ার ছেলে মনিরের করা মামলায় ওই মহিলাকেও আসামি করা হয়েছে, যাকে পুলিশ খুঁজছে।