বিআইডব্লিউটিএ’র জন্য ফেরি নির্মাণ করছে এফএমসি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জন্য একটি ফেরি নির্মাণ করছে চট্টগ্রামের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডক ইয়ার্ড।
শুক্রবার বিকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীতে এফএমসি ডক ইয়ার্ডে ফেরিটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
অনুষ্ঠানে শাজাহান খান বলেন, ১৯৭২ সাল থেকে বিগত সময়ে দেশে ২০টি ফেরি ছিল। ২০০৯ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর নতুন ২০টি ফেরি নির্মাণের পরিকল্পনা করে।
“ইতিমধ্যে নতুন সাতটি ফেরি নির্মিত হয়েছে। আরও সাতটির কাজ চলছে। বাকিগুলোর মধ্যে একটির নির্মাণ কাজ আজ উদ্বোধন হলো।”
নতুন সব ফেরির কাজ শেষ হলে দেশবাসী সুফল পাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
অনুষ্ঠানে এফএমসির ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন চৌধুরী জানান, নির্মাণাধীন ফেরিটির ধারণ ক্ষমতা ২৫০ টন কার্গো, ১২টি ট্রাক এবং এক শতাধিক যাত্রী।
নির্মাণাধীন ফেরিটির দৈর্ঘ্য ৪১মিটার। ২০১৫ সালের জুলাই মাসে এর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহাম্মদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, এফএমসির ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন চৌধুরী ও নির্বাহী পরিচালক পঙ্কজ দত্ত।
