২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় পাচারকারীর হাতে জিম্মি ১১ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ায় পাচারকারী চক্রের হাতে জিম্মি ১১ বাংলাদেশি ও মিয়ানমারের চার নাগরিককে উদ্ধার করেছে পেনাং পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 07:47 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

পেনাং পুলিশের সহকারী কমিশনার মো. নাসির সালেহকে উদ্ধৃত করে মালয়েশিয়ার ইংরেজি দৈনিক ‘দ্য স্টার’ এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার জর্জ টাউনের ম্যাকাল্লুমে পাশাপাশি দুটি ১৫ তলা ভবনে অভিযান চালিয়ে বাংলাদেশিদের উদ্ধার করা হয়।

আর মিয়ানমারের চারজনকে বুধবার পাওয়া যায় আরেকটি বাড়িতে।

উদ্ধারের সময় ওই ১৫ জনের প্রত্যেকেই ছিলেন দুর্বল, ক্ষুধার্ত ও বিধ্বস্ত। গত কয়েক দিন ধরে তাদের আটকে রেখে পরিবারের কাছে ১০ হাজার মালয়েশীয় রিংগিত পর্যন্ত আদায়ের জন্য চাপ দিচ্ছিল বলে পত্রিকাটি লিখেছে।

তবে স্টারের প্রতিবেদনে উদ্ধার হওয়া বাংলাদেশিদের কোনো পরিচয় উল্লেখ করা হয়নি।

পত্রিকাটি লিখেছে, মিয়ানমারের চার নাগরিককে একটি ঘরে শেকলে বেঁধে তালাবন্ধ করে রাখা হয়েছিল। তাদের কারো কাছেই বৈধ কাগজপত্র ছিল না।

স্থানীয় পুলিশ বলছে, মালয়েশিয়া ও  মিয়ানমারের একটি পাচারকারী চক্র এর সঙ্গে জড়িত। অভিযানে ২০ থেকে ৫০ বছর বয়সী চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ওই চক্রের মূল হোতাদের খোঁজা হচ্ছে।