২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাবের দুই সাংবাদিক কারামুক্ত

গাজীপুরের কাশিমপুরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন সদ্য বন্ধ হয়ে যাওয়া দৈনিক ইনকিলাবের দুই সাংবাদিক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 07:44 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শুক্রবার বেলা সাড়ে ৩টায় ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লা রবি ও উপ-প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন কাশিমপুর কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার ‘মিথ্যা’ সংবাদ প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন পান ইনকিলাবের তিন সাংবাদিক। ওইদিনই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ইনকিলাবের আটক অপর সাংবাদিক আতিকুর রহমান।

দুই সাংবাদিকের মুক্তি উপলক্ষে জেলগেটে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সাধারণ ব্যবস্থাপক (প্রশাসন ও অপারেশন) মো. হাবিবুর রহমান তালুকদার, পত্রিকাটির গাজীপুর জেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেনসহ তাদের স্বজনেরা।

গত ১৬ জানুয়ারি ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ওই দিন সন্ধ্যায় ওয়ারী থানায় পুলিশ একটি মামলা করে।

এরপর রাত সাড়ে ১০টার দিকে ইনকিলাবের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ মামলায় আতিক দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

প্রতিবেদনে প্রকাশিত খবর পুরোপুরি মিথ্যা বলে সরকার জানালে ইনকিলাব কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে।