সীমান্ত খুলল না, তবু ভাষায় মিলল দুই বাংলা
নির্বাচন ঘিরে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা আর ভারতে লোকসভা নির্বাচন সামনে রেখে নিরাপত্তাজনিত কারণে এবার বেনাপোল- পেট্রাপোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো আলাদাভাবে।
গত ১২ বছর ফেব্রুয়ারির একুশ তারিখ এই সীমান্ত দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলেও এবার অনুষ্ঠান হলো সীমান্ত রেখার দুই পাশে।
সীমান্তের শূন্য রেখায় প্রধান ফটকের ৩০০ গজের মধ্যে দক্ষিণ পাশে ভারতের আর উত্তর পাশে ছিল বাংলাদেশের মঞ্চ। এপারে বেনাপোলে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন পরিষদ আর ওপারে বনগাঁ পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অন্যবারের মতো এ বছর সীমান্তের মূল ফটক সাধারণের জন্য খুলে দেয়া হয়নি। সীমান্ত পেরিয়ে এক বাংলার মানুষ অন্যপারের অনুষ্ঠানেও মিলতে পারেনি। তবে সীমান্তের কড়া নিরাপত্তার মধ্যে কয়েক ঘণ্টার জন্য দুই বাংলার মানুষ মিলেছিল মুগ্ধতায়।
ভারতের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চললেও পিকনিকের বাস দুর্ঘটনায় সাত স্কুল শিক্ষার্থী নিহত হওয়ায় বাংলাদেশের মঞ্চে আলোচনা আর কবিতা পাঠেই সীমাবদ্ধ থাকে আয়োজন।
শুক্রবার সকাল থেকেই দুই বাংলার কবি-সাহিত্যিক-শিল্পী-রাজনীতিবিদদের পদচারণায় মুখর হয়ে উঠে বেনাপোল আর পেট্রাপোলের শূন্যরেখা।
অমর একুশের অমর সুরের সঙ্গে পাশাপাশি মঞ্চ থেকে ভেসে আসা “একই আকাশ, একই বাতাস/ এক হৃদয়ে একই তো শ্বাস” গানের সুর যেন বেঁধে রাখে সবাইকে।
সকাল ১১টায় বাংলাদেশের মঞ্চে আসেন পশ্চিমবাংলার খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধানসভার বিধায়ক বিশ্বজিত দাস, জেলা পঞ্চায়েত সমিতির সভাপতি রহিমা মণ্ডল, সহসভাপতি কৃষ্ণ গোপাল ব্যানার্জি, বনগাঁ পৌরসভার মেয়র জ্যোসনা আঢ্য, বনগাঁর অতিরিক্ত পুলিশ সুপার জয় বিশ্বাস।
বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম, যশোরের ডিসি মোস্তাফিজুর রহমান, ২৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ রাজনীতিবিদ-কবি-শিল্পী-সাহিত্যিকরা তাদের শুভেচ্ছা জানান।
যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঙালির অর্জনকে দুই বাংলা একসঙ্গে পালন করছি, এটা খুবই গর্বের বিষয়। দুই দেশের মৈত্রীতে এটা অনুপ্রেরণা যোগাবে।”
পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অনুষ্ঠানে বলেন, “একুশের গৌরবের উত্তরাধিকারী পৃথিবীর সব বাঙালি।এর ব্যাপ্তি শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক বিস্তৃত। ভাষার টানে বাঙালি জাতির নাড়ির টানে মাতৃভাষা দিবস পালন করতে এখানে এসেছি। ভাষার জন্য সংগ্রাম করে জীবন দিয়েছেন এমন নজির পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। এ কারণে বাঙালি আজ বিশ্বের দরবারে গর্বিত।”
২০০২ সালে বনগাঁর কিছু সংস্কৃতি কর্মী ‘একুশে উদযাপন কমিটি’ গড়ে সীমান্তের শূন্য রেখায় একসঙ্গে মাতৃভাষা দিবস পালন শুরু করেন। সেই থেকে প্রতি বছরই এই দিনে খুলে যেত সীমান্তের গেইট, বসত দুই বাংলার মিলনমেলা।
বিগত বছরগুলোতে দুই দেশের সরকারি প্রতিনিধি ও মন্ত্রীরাও এই যৌথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন, বিনিময় করেছেন স্মারক ও উপহার।
তবে নির্বাচন ঘিরে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা আর ভারতে লোকসভা নির্বাচন সামনে রেখে নিরাপত্তাজনিত কারণে এবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, শুল্ক দফতর এবং উত্তর ২৪ পরগণা পুলিশ এবার সীমান্ত খুলে দিয়ে একুশ উদযাপনের অনুমতি দেয়নি বলে জানিয়েছেন ভারতের ২৪ পরগনার একুশ উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম।
পেট্রাপোল শুল্ক দফতরের ডেপুটি কমিশনার শুভেন দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা, অপরদিকে ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের বিষয় মাথায় রেখে সীমান্তে বিশেষ সতর্কতা বজায় রাখা হয়েছে।”
তিনি জানান, “জনসাধারণের জন্য এবার সীমান্ত খুলে দেয়া হবে না- এমন সিদ্ধান্ত হওয়ার পর দুই দেশের সরকারি প্রতিনিধিরা বিএসএফ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের প্রস্তাব ছিল শুধু মন্ত্রী ও সরকারি প্রতিনিধিদের কিছুক্ষণের জন্য প্রতিবেশী দেশে যেতে দেয়া হোক। কিন্তু শেষ মুহূর্তে তাও বাতিল করা হয়।
