জাহাঙ্গীরনগরে উপাচার্য প্যানেল গঠিত
অধ্যাপক ফারজানা ইসলাম, অধ্যাপক আবুল হোসেন এবং অধ্যাপক আমির হোসেনের মধ্যে একজন হতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য।
নির্বাচিত উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সিনেটে ভোটাভুটির মধ্য দিয়ে এই তিনজনের প্যানেল গঠিত হয়।
এখন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এদের মধ্য থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন।
নতুন উপাচার্য অধ্যাপক এম এ মতিনের কাছ থেকে দায়িত্বভার নেবেন। অধ্যাপক আনোয়ারের পদত্যাগের পর তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ভোটের ফলাফলের প্রতিক্রিয়ায় ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, “দায়িত্ব পেলে বিশ্ববিদ্যালয়কে মর্যাদার সঙ্গে পরিচালনার মাধ্যমে গৌরব ফিরিয়ে আনতে কাজ করব।”
সিনেটে নির্বাচনে নৃবিজ্ঞানের অধ্যাপক ফারজানা ইসলাম এবং পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল হোসেন দুজনে ৪০ ভোট পান। পরে লটারিতে প্রথম হন ফারজানা। ৩৩ ভোট পান অর্থনীতির অধ্যাপক আমির হোসেন।
এই প্যানেলটি সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সমর্থনপুষ্ট। আন্দোলনের মুখে তার পদত্যাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার ওই দায়িত্ব পেয়েছিলেন।
এরপর শিক্ষকদের আন্দোলনের মুখে দুই বছরের মাথায় পদত্যাগ করেন অধ্যাপক আনোয়ারও। ফলে নতুন করে উপাচার্য প্যানেলের নির্বাচন হল।
শরীফ সমর্থক প্যানেলের সঙ্গে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের আরেকটি অংশ প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়।
এই প্যানেল থেকে সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল বায়েস পেয়েছেন ২৭ ভোট। একই প্যানেল থেকে ২৫ ভোট করে পেয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন ও উপউপাচার্য আফসার আহমদ।
শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবির উপাচার্য পদ ছাড়লেও এরপর ২০১২ সালের ২০ জুলাই প্যানেল নির্বাচনে লড়ে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন।
তবে রাষ্ট্রপতি দ্বিতীয় অবস্থানে থাকা অধ্যাপক আনোয়ারকে উপাচার্য পদে নিয়োগ দিলেও সিনেটের কর্তৃত্ব কার্যত রয়ে যায় অধ্যাপক কবিরের হাতে।
নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে মেয়াদোত্তীর্ণ বর্তমান সিনেটকে হালনাগাদ করার দাবি জানিয়েছিলেন ‘মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী জোট’র শিক্ষকরা।
সিনেট সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হালনাগাদের মাধ্যমে নির্বচন হলে গতানুগতিক না হয়ে ফলাফল ভিন্ন হতে পারত।”
পদত্যাগপত্র দিলেন জাবি ভিসি অধ্যাপক আনোয়ার
