নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে চট্টগ্রামে বিএনপি'র মানব বন্ধন
চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে নগরীর ষোলশহরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সামনে এ মানবন্ধনের আয়োজন করে নগর বিএনপি।
মানববন্ধন চলাকালে সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর নগরী এবং বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রাম থেকে হাজার কোটি টাকা সরকারের রাজস্ব খাতে জমা হয়।
“কিন্তু চট্টগ্রামবাসীর ভাগ্য উন্নয়ন হচ্ছে না। সারাদেশে দৈনিক দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার মধ্যে চট্টগ্রামে চাহিদা চারশ মিলিয়ন ঘনফুট। কিন্তু এর মাত্র অর্ধেক গ্যাস সরবরাহ পাওয়া যায়।”
আশুগঞ্জ থেকে চট্টগ্রামে সংযোগকৃত ২০ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপ লাইন এখন অনেকটাই অকেজো দাবি করে শাহাদাত বলেন, "অনতিবিলম্বে ওই লাইনের পরিবর্তে ৩০ ইঞ্চি ব্যাসের লাইন স্থাপন করতে হবে। পাশাপাশি কমপক্ষে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে হবে।"
চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিএনপি নেতৃবৃন্দ কেজিডিসিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেন।
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মো. আলী, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণি প্রমুখ।
