বান্দরবানে গোলার খোসা কুড়াতে গিয়ে যুবকের মৃত্যু
বান্দরবানে সশস্র বাহিনীর গোলাবর্ষণের মহড়ার সময় গোলার খোসা সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ এলাকায় নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩০)।
বান্দরবান থানার ওসি মো. আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাটি সামরিক প্রশিক্ষণের জন্য, সেখানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই।
তিনি বলেন, “বেলাল হোসেন সামরিক প্রশিক্ষণ এলাকায় বেআইনিভাবে প্রবেশ করে বিমান বাহিনীর একটি টিমের গোলার আঘাতে নিহত হয়েছেন।”
তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে ফায়ারিং রেঞ্জে আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণের অনুশীলন চলাকালে জনৈক যুবক লুকিয়ে গোলার খোসা সংগ্রহের সময় গোলার বিস্ফোরণে নিহত হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাবর্ষণের অনুশীলনের ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি, সাইরেন বাজিয়ে ও মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল।
তারপরও ওই যুবক গোলার খোসা সংগ্রহের জন্য সংরক্ষিত এলাকায় গোপনে অনধিকার প্রবেশ করে দুর্ঘটনাকবলিত হয়ে মারা যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
