দিনাজপুরে ২ উপজেলায় সাড়ে ২৭ হাজার ভোট বাতিল
নির্ধারিত ছকের বাইরে সিল দেয়া ও একই পদে একাধিক প্রার্থীকে ভোট দেয়াসহ বিভিন্ন ত্রুটির কারণে দিনাজপুরের কাহারোল ও খানসামা উপজেলায় সাড়ে ২৭ হাজার ভোট বাতিল হয়েছে।
বিপুল সংখ্যক ভোট বাতিল হওয়ায় প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটারদের সঠিকভাবে ভোট দেয়ার প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা বলছেন।
জেলা রির্টানিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে কাহারোলে ১১ হাজার ৬৮৯টি এবং খানসামায় ১৫ হাজার ৮৩৬টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচনী ফলের প্রতিবেদনে দেখা যায়, কাহারোল উপজেলায় মোট ভোটার এক লাখ ২ হাজার ১৯৩। এখানে চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৭৭ হাজার ১৩০টি, তার মধ্যে ৭৪ হাজার ৩৮৮টি ভোট ঠিক থাকলেও দুই হাজার ৭৮২টি ভোট বাতিল হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে পড়েছে ৭৭ হাজার ৮০টি ভোট। এর মধ্যে ৭১ হাজার ৯৫৩টি ভোট ঠিক রয়েছে। তবে পাঁচ হাজার ১২৭টি ভোট বাতিল হয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৭ হাজার ৬৯ ভোট পড়েছে। তার মধ্যে ৭৩ হাজার ২৪৯ টি ঠিক থাকলেও তিন হাজার ৮২০টি ভোট বাতিল হয়েছে।
খানসামা উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ১১ হাজার ৩৭৭।
এখানে চেয়ারম্যান পদে ৮২ হাজার ২০৩ ভোট পড়েছে, যার মধ্যে তিন হাজার ৫৭৮টি ভোট বাতিল হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৮২ হাজার ১৬২টি, তার মধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ২৩৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৮২ হাজার ১২১ ভোট পড়েছে, যার ৭ হাজার ২৯টি ভোটই বাতিল হয়েছে।
ভোট বাতিল বিষয়ে কাহারোল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট দেয়ার অজ্ঞতার কারণে বিপুল সংখ্যক ভোট বাতিল অবশ্যই উদ্বেগজনক। আগামীতে সঠিকভাবে ভোট দেয়ার প্রশিক্ষণমূলক ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনের উদ্যোগ নেয়া প্রয়োজন।”
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোপেশ চন্দ্র রায়ও একই কথা বলেন।
প্রার্থীদের সঙ্গে একমত প্রকাশ করে রির্টানিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, ভোটারদের আগেই এ বিষয়ে জানানো হলে মূল্যবান এসব ভোট বাতিল হত না।
