শ্রমিক বিক্ষোভে গাজীপুরে কারখানায় ছুটি
বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুর সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে ফাইন স্টিচ পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে।
পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী সুপার মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন দেয়ার ধার্য দিন ছিল। কিন্তু শ্রমিকরা সকালে কারখানায় গিয়ে ১ মার্চ ওই বেতন পরিশোধ করা হবে বলে নোটিস দেখতে পায়।
“নোটিস দেখে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
