চাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন হোসেন খান (২৪) রাজধানীর শনির আখড়া এলাকার ৫৩৫ পোস্ট অফিস রোডের শাহাদাৎ হোসেন খানের ছেলে।
হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, মোটরসাইকেল চালিয়ে মহসিন কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৬-১৮৬৬) মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মহসিন মারা যায়।
এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় আরেক আরোহী বাবলু। পরে স্থানীয়রা বাবলুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
