২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তরুণ প্রাণে একুশের চেতনা পৌঁছে দিতে হবে’

একুশের চেতনা ও স্বাধীনতার চার মূল স্তম্ভকে যারা অস্বীকার করে- তারা একুশ ও স্বাধীনতার শত্রু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 01:03 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ বিশিষ্ট ব্যক্তির হাতে চলতি বছরের একুশে পদক তুলে দিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, “একুশের চেতনা ও স্বাধীনতার চার মূল স্তম্ভকে যারা অস্বীকার করে তারা একুশের শত্রু, স্বাধীনতার শত্রু। এদের মোকাবেলা করার জন্য আমাদের নতুন প্রজন্মের মধ্যে একুশের চেতনা ছড়িয়ে দিতে হবে।”

তিনি বলেন, একুশ বাঙালি জাতির প্রেরণা ও চেতনার উৎস।  যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই চেতনা নিয়েই এগিয়ে যেত হবে।

ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য এ বছর শামসুল হুদা, প্রথম শহীদ মিনারের নকশাকারি ভাষাসৈনিক ডা. বদরুল আলম (মরণোত্তর), সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ডা. মুজিবুর রহমান, শিল্পকলায় গৌরবজনক অবদানের জন্য বাংলাদেশের সংবিধানের নকশাবিদ সমরজিৎ রায় চৌধুরী, লোকসঙ্গীত শিল্পী ও সংগ্রাহক রামকানাই দাশ, অভিনয়শিল্পী কেরামত মওলা ও নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান (মরণোত্তর) এবার একুশে পদক পেয়েছেন।

এছাড়া সাংবাদিকতায় অবদানের জন্য সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, গবেষণায় ড. এনামুল হক, শিক্ষায় ড.অনুপম সেন, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি বেলাল চৌধুরী, জামিল চৌধুরী, কবি রশীদ হায়দার, ছড়াকার বিপ্রদাস বড়ুয়া ও আবদুস শাকুর (মরণোত্তর) এ পদক পেয়েছেন।

প্রয়াত বদরুল আলমের পক্ষে তার স্ত্রী বেগম আফজালুন নেসা, এস এম সোলায়মানের পক্ষে তার মেয়ে আনিকা মাহিন একা, আবদুস শাকুরের পক্ষে তার ছেলে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেন।

একুশে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের এই পুরস্কার আপনাদের দীর্ঘদিনের সাধনা, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। আমরা এমন অনেককেই এ পুরস্কার দিয়েছি যারা আজ আমাদের মাঝে নেই। কিন্তু বাঙালি জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ।”

একুশের চেতনা বাস্তবায়নে পদকপ্রাপ্তদের দায়িত্ব আরো বেড়ে গেল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি বিকাশে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন - এটাই আমাদের প্রত্যাশা।”

বাঙালির ভাষা আন্দোলন, ১৯৫২ সালের একুশে ফেব্রয়ারি মায়ের ভাষার জন্য ছাত্র-জনতার রক্তদান এবং বাংলার রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের প্রেক্ষাপট অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “একুশ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের এক বীরত্ব কাহিনী। একুশ মানে মাকে মা বলার অধিকার অর্জন। একুশ বাঙালি সাহিত্য, সংস্কৃতি, লোকাচার ও জীবনবোধের স্বাতন্ত্র বজায় রাখার প্রেরণা। একুশ বাঙালি জাতির চেতনা ও গৌরবের উৎস।”

১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষিত হওয়ার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “বিশ্বের সকল মাতৃভাষার সুরক্ষা বিধানে ভূমিকা রাখার দায়িত্বও আমরা পেয়েছি। এলক্ষ্যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি।”

তিনি বলেন, বাঙালি জাতি যেমন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, বাংলা ভাষা সাহিত্যও তেমনই উদার।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংহতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে, আমাদের আদর্শ সমুন্নত রাখতে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে। এই সংগ্রাম এখনো বর্তমান। আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “যে জাতি গুণীজনকে সম্মান দিতে জানে না- সে জাতি নিজেকে সভ্য বলে দাবি রতে পারে না। অতীতে অনেক সময়ই প্রকৃত গুণীদের বঞ্চিত করা হয়েছে। আমরা চেষ্টা করেছি, গুণীজনরা যেনো যথাযথভাবে সম্মানিত হয়।”

বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিচারপতি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংস্কৃতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

মন্ত্রিপরিষদ সচিব পদকপ্রাপ্তদের নাম ঘোষণার পর তাদের প্রত্যেকের পরিচিতি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এরপর পদক বিতরণ করেন।

পদকপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা, একটি স্বর্ণপদক ও একটি মানপত্র দেয়া হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।