ইরান থেকে দেশে ফিরেছেন স্পিকার
ইরানে ওআইসি দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের (পিইউআইসি) নবম সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
হুইপ মো. শাহাব উদ্দিন, সংসদ সচিব মো. আশরাফুল মকবুল এবং বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেন আমিনিয়ান তৌসি তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
পিইউআইসি সম্মেলনে যোগ দিতে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সোমবার ইরানে যান শিরীন শারমিন চৌধুরী। সাংসদ সাগুফতা ইয়াসমিন এবং মীর শওকাত আলী বাদশাও এই প্রতিনিধি দলে ছিলেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি
এই সফরে শিরীন শারমিন চৌধুরী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানীর সঙ্গে সাক্ষাত করেন। ইরানের রাষ্ট্রপতি বাংলাদেশের নতুন সরকারকে এবং দ্বিতীয়বার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিনকে অভিনন্দন জানান।
২৮টি দেশের স্পিকার, ১১ জন ডেপুটি স্পিকারসহ মোট ৪৮টি সংসদীয় প্রতিনিধি দল পিইউআইসির এবারের সম্মেলনে অংশ নেন।
ওআইসিভুক্ত ৫৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৩টি দেশ নিয়ে ১৯৯৯ সালে এই সংগঠন গঠিত হয়।
