সিরাজগঞ্জের ৪টির ১টিতে বিএনপি
সিরাজগঞ্জে প্রথম পর্যায়ের ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সিরাজগঞ্জ সদর ও কাজিপুরে বিজয়ী এবং উল্লাপাড়ায় এগিয়ে রয়েছেন।
আর দলীয় কোন্দলের কারণে রায়গঞ্জ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ৩টি পদেই দলটির সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
উল্লাপাড়ায় ২টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় চেয়ারম্যান পদের পুর্ণাঙ্গ ফলাফল না পাওয়া গেলেও ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে এম আলী আযম বলেন, উল্লাপাড়ার স্থগিত দুটি ভোটকেন্দ্র পুনরায় ভোট গ্রহণ শেষে চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা হবে।
কাজিপুর উপজেলা
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোজাম্মেল হক বকুল (দোয়াত কলম) ১ লাখ ১১ হাজার ১৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (বহিষ্কৃত) মুক্তিযোদ্ধা আবুল কালাম (আনারস) পেয়েছেন ১৪ হাজার ৭৫ ভোট। আর বিএনপি সমর্থিত রবিউল হাসান (কাপ পিরিচ) পেয়েছেন ৩ হাজার ৭৩৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আশরাফুল ইসলাম বেলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্দলীয় প্রার্থী সুলতানা হক (কলস প্রতীক) ৪৫ হাজার ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী সুফিয়া বেগম ফুটবল প্রতীকে ৩৯ হাজার ১৬১ ভোট পেয়েছেন।
এ উপজেলায় ১১৪টি কেন্দ্রের মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছে ১ লাখ ২৮ হাজার ৯৫৯ জন।
সিরাজগঞ্জ সদর
আওয়ামী লীগ সমর্থিত রিয়াজ উদ্দিন (আনারস প্রতীক) ৯৩ হাজার ১০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মজিবুর রহমান লেবু (দোয়াত কলম) ৭৩ হাজার ৮৭০ ভোট পেয়েছেন। অপর প্রার্থী জামায়াত সমর্থিত শহিদুল ইসলাম (কাপ পিরিচ) পেয়েছেন ৩০ হাজার ৪৩৮ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত মুফতী মুহিবুল্লাহ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৮৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ভিপি শামীম ৮২ হাজার ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত গাজী আমিনুল ইসলাম ৩১ হাজার ১৫৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সাবিনা ইয়াসমিন হাসি কলসি প্রতীকে ১ লাখ ০৪ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নূরুন্নাহার খানম সিলিং ফ্যান প্রতিকে পেয়েছেন ৮৩ হাজার ১৭৮ ভোট।
এই উপজেলার ১৪৮ কেন্দ্রের মোট ৩ লাখ ৫৩ হাজার ৭৮৮জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছে ১ লাখ ৯৮ হাজার ৭৬৯ জন।
রায়গঞ্জ উপজেলা
বিএনপি সমর্থিত ভিপি আইনুল হক (দোয়াত কলম) ৭২ হাজার ৫০ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জিন্নাহ আলমাজি (ঘোড়া প্রতিক) পেয়েছেন ৪৯ হাজার ৭৬৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে একই দলের জাহিদুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৬২ হাজার ১৮৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলী ইয়াসমিন প্রজাপতি প্রতীকে ৫৩ হাজার ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ পদে আওয়ামী লীগ সমর্থিত খন্দকার শরিফুল ইসলাম (টিয়া পাখি) পেয়েছেন ৪০ হাজার ৭২৯ এবং নির্দলীয় প্রার্থী নিস্কৃতি দাস (পদ্মফুল) ৩২ হাজার ৯৬৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
এ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের কারণ হিসেবে দলীয় কোন্দলকে দায়ী বলে জানা গেছে।
দলের একক প্রার্থী মনোনয়নের জন্য ডাকা বৈঠকে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ ও ভাইস চেয়ারম্যান পদে সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নাম ঘোষণা পরই দলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটেন।
ওই বৈঠকে তারা স্থানীয় এমপি ইসহাক হোসেন তালুকদারকে অবরুদ্ধ করে রাখেন এবং প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেও কোন লাভ হয়নি।
উল্লাপাড়া ফল ঘোষণা স্থগিত
এ উপজেলার ১২১টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৯টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মারুফ বিন হাবিব ঘোড়া প্রতীকে ৮৮ হাজার ৩৯৮ ভোটে পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শামসুল হক মোটর সাইকেল প্রতীকে ৮২ হাজার ৬১৯ ভোট পেয়েছেন।
একটি কেন্দ্রের ৫টি ব্যালট বাক্স পোড়ানো এবং জাল ভোট প্রদানের অভিযোগে ২টি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ফলাফল ঘোষণা হয়নি।
পুনরায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। স্থগিত কেন্দ্র ২টিতে প্রায় ৭ হাজার ভোটার রয়েছে।
তবে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
কারাগারে থেকেও ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত শাহজাহান আলী তালা প্রতীকে ১ লাখ ৪ হাজার ৬৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সোহেল রানা চশমা প্রতীকে পেয়েছেন ৭০৬৭২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে ১ লাখ ১১ হাজার ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিজা মোমেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আফরোজা ইয়াসমিন লিপি হাঁস প্রতীকে ৭১ হাজার ৬৩২ ভোট পেয়েছেন।
