ফুলবাড়ীতে বিএনপি ভুরুঙ্গামারীতে আ.লীগ
কুড়িগ্রামে ৩টি উপজেলায় প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষনা করা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিএনপি সমর্থিত প্রার্থী ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নজির হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ৩২ হাজার ৪৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত শিমুলবাড়ী ইউপি আওয়ামী লীগ সভাপতি এজাহার আলী আনারস প্রতীক নিয়ে ১৮ হাজার ৯ ভোট পান।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামাতের সেক্রেটারি রফিকুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৪ হাজার ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সদস্য নজির হোসেন তালা প্রতীক নিয়ে ১৮ হাজার ১৩৪ ভোট পেয়ে পরাজিত হন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থক আরজিনা বেগম ফুটবল মার্কা নিয়ে ৪৭ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাপা সমর্থক জান্নাতি বেগম বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৩০৯ ভোট।
ফুলবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৫শত ৬৬ জন। মোট ভোট কেন্দ্র ৫০টি।
সহকারী রিটার্নিং অফিসার ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ভুরুঙ্গামারী উপজেলা
ভুরুঙ্গামারী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরন্নবী চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ৪৯ হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রার্থী জেলা জামায়াত আমির আজিজুর রহমান সরকার স্বপন আনারস প্রতীক নিয়ে ২২ হাজার ৯৬৬ ভোট পান।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ আহসান হাবিব বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৪শত ৬ জন। ভোট কেন্দ্র ৯২টি।
