কয়রায় জামায়াত ও দিঘলিয়ায় আ.লীগ জয়ী
খুলনার কয়রা উপজেলায় জামায়াতে ইসলাম এবং দিঘলিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে ভোট গণনার পর খুলনার রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইলিয়াস হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
কয়রা উপজেলা
কয়রা উপজেলায় বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সমর্থিত খুলনা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আ খ ম তমিজ উদ্দিন ৫৮টি কেন্দ্রে ৫৩ হাজার ৬৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জি এম মোহসীন রেজা পেয়েছেন ৩৪ হাজার ২৭১ ভোট।
গত উপজেলা নির্বাচনে জিএম মোহসীন রেজা ৬ হাজার ভোটের ব্যবধানে তমিজ উদ্দিনকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন ১৯ দলীয় জোট সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর প্রার্থী খালেদা পারভীন।
দিঘলিয়া উপজেলা
দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি খান নজরুল ইসলাম ৪৯টি কেন্দ্রে ৩০হাজার ৮১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুর রহমান মিন্টু পেয়েছেন ২৮ হাজার ৮৬১ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মোজাম্মেল শরীফ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনূর বেগম বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
