২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৩ প্রার্থীসহ ১০ আ.লীগ নেতা বহিষ্কৃত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় যশোরে ৩ উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ ১০ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 10:21 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃতরা হলেন  শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,

ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মুছা মাহমুদ, ঝিকরগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা আনোয়ার পাশা জামাল।

এছাড়া সাংগঠনিক সম্পাদক রমজান আলী বাদশা, যুব ও ক্রীড়া সম্পাদক হাছিমুল হাবিব শিপার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবুল কাশেম এবং বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রশিদ স্বপন।

জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে শার্শায় সিরাজুল হক মঞ্জু, ঝিকরগাছায় মুসা মাহমুদ ও বাঘারপাড়ায় মঞ্জুর রশিদ স্বপন উপজেলা চেয়ারম্যান পদে এবং অন্যরা ওইসব প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার চালানোয় বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, “তাদেরকে বিভিন্নভাবে নিষেধ করার পরও কোন কর্ণপাত না করায় জেলা আওয়ামী লীগ বুধবার জরুরি সভা করে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

“একই সাথে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আফিল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামকে দলের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।”