কলারোয়ায় সংঘর্ষে জামায়াতকর্মী গুলিবিদ্ধ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামে পুলিশের সাথে সংঘর্ষে এক জামাত কর্মী গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হুমায়ূন কবির (২২) কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে। তিনি যুবলীগ নেতা মেহেদী হাসান জজ মিয়া হত্যা মামলার আসামি।
কলারোয়া থানার এস আই সাবুর আহমেদ জানান, যুবলীগ নেতা জজ মিয়া হত্যার মামলার আসামি জামাত কর্মী হুমায়ন কবিরসহ কয়েকজন বুধবার দুপুরে ক্ষেত্রপাড়া এলাকার কপোতাক্ষ নদের ধারে বসে গোপন বৈঠক করছিল।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৭ রাউন্ড গুলি বর্ষণ করলে হুমায়ূন কবির গুলিবিদ্ধ হয়।
তাকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বিকালে হুমায়ূন কবিরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াত নেতা কাদের মোল্যার ফাঁসি কার্যকরের পর গত বছরের ১২ ডিসেম্বর মধ্যরাতে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ কর্মী মেহেদী হাসান জজ মিয়াকে (৩৮) দূর্বৃত্তরা বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে পিটিয়ে ও কুঁপিয়ে হত্যা করে।
পরদিন সকালে বাড়ির পাশের একটি মাঠে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। নিহত মেহেদীর বাড়ি জয়নগর ইউনিয়নের সরসকাঠি গ্রামে।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রহমান কলারোয়া থানায় ১৪ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার পলাতক আসামী জামাত কর্মী হুমায়ূন কবির।
