আ. লীগের এক ‘বিদ্রোহী’ ফের ভোট চান
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি ও এজেন্টদের জোর করে বের করে দেয়ার অভিযোগে তিনটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম।
বুধবার বিকেল ৩টায় জাহিদুল ইসলাম সিংড়া শহরে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, “কলম ইউনিয়নের কালিনগর, নাছিয়ারকান্দি ও আনন্দনগর ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের লোকজন তার এজেন্টদের জোর করে বের করে দিয়েছে।
“ওইসব কেন্দ্রে শফিকুল ইসলামের সমর্থকরা ভোট চুরি করে ব্যালট বাক্সে ফেলেছে।”
এ ব্যাপারে প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েও কোন সুরাহা হয়নি বলেও জানান তিনি।
তবে এই অভিযোগের সমর্থনে তিনি কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি।
এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সালমা আক্তার বলেন, “এ ধরনের কোনো অভিযোগ আইনশৃংখলা বাহিনী জানায়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি দুপুর সোয়া ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কলম ইউনিয়নের কালিনগর ৯টি বুথ ঘুরে ৮টিতেই কোনো চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্ট দেখতে পাননি।
সে সময় কাউকে ভোট কারচুপি করতেও দেখেননি। তবে সকালে জাল ভোট পড়েছে বলে অভিযোগ শুনেছেন।
এ সময় বিএনপি সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদের এজেন্ট আব্দুস সাত্তার অভিযোগ করেন, তাকে এজেন্ট হিসেবে কেন্দ্রের ভেতর থাকতে দেননি।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিমল পাল বলেন, “চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে কেউ এজেন্ট হওয়ার জন্য আবেদন করেননি।
“আর অন্যান্য প্রার্থীর এজেন্টরা দুপুরের খাবারের জন্য বাইরে থাকায় কেন্দ্রে এজেন্ট পাওয়া যায়নি।
তার দাবি সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ হয়েছে।
এছাড়া, সকাল সাড়ে ৯টার দিকে আগ তিরাইল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সকাল সাড়ে ১০টা দিকে সিংড়া গোল ই আফরোজ কলেজে ও বিকেলে বড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হতে সরজমিনে দেখেন।
তবে এসব স্থানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
