ইজহারের মাদ্রাসায় বিস্ফোরণ: অভিযোগপত্র গ্রহণের শুনানি ২৫ ফেব্রুয়ারি
হেফাজতি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় করা বিস্ফোরক মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি হবে ২৫ ফেব্রুয়ারি।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমান অভিযোগপত্র আমলে নিয়ে ২৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।
এই মামলার প্রধান আসামি লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর উচ্চ আদালত থেকে নেয়া জামিনের অনুলিপিও এদিন তার আইনজীবীর মাধ্যমে আদালতে জমা দেন।
হেফাজতে ইসলামের নায়েবে আমির ইজাহার উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে রয়েছেন।
গত ১০ ফেব্রুয়ারি ইজাহার ও তার ছেলে মুফতি হারুণ ইজাহারসহ নয়জনকে আসামি করে মাদ্রাসায় বোমা হামলায় হতাহতের ঘটনায় করা তিন মামলার মধ্যে বিস্ফোরক আইনের মামলায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
গ্রেপ্তার ছয় আসামিকে বুধবার আদালতে হাজির করা হয়। মামলার অন্য দুই আসামির মধ্যে মুফতি হারুণ ঢাকায় অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন এবং সালমান পলাতক।
চট্টগ্রাম শহরের লালখান বাজারে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে গত বছরের ৭ অক্টোবর বিস্ফোরণ ঘটে।
এতে পাঁচজন আহত হন, আহত তিনজন পরে হাসপাতালে মারা যান।
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহার ওই মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ। তার ছেলে হারুণ ছিলেন ছাত্রাবাসের দায়িত্বে।
মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে ওই ঘটনাকে ‘ল্যাপটপ বিস্ফোরণ’ বলে চালাতে চাইলেও সেখানে অভিযান চালিয়ে হাতবোমা ও অ্যাসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।
এরপর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও অ্যাসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।
গত ১০ ফেব্রুয়ারি খুলশী থানার এসআই লোকমান হোসেন বিস্ফোরক মামলার অভিযোগপত্র জমা দেন।
