মিরসরাইয়ে ভোটকেন্দ্রে হামলা, সিল মারা ব্যালট জব্দ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে বাক্সে ফেলার চেষ্টা করেছে একদল দুর্র্বৃত্ত। এ সময় প্রায় আধঘণ্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল।
বুধবার বেলা ২টার দিকে মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে ৫০-৬০ জন যুবক কেন্দ্রে হামলা চালায় এবং জোরপূর্ক ব্যালট ছিনিয়ে নেয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এ হামলা করেছে তা জানাতে পারেনি নির্বাচনী কর্মকর্তারা।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান, হামলার ফলে ওই কেন্দ্রের বিভিন্ন বুথে ভোট দিতে আসা মহিলা-পুরুষ ভোটাররা আতংকে ছুটোছুটি করতে থাকে। হামলাকারীরা বেশকিছু ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ফেলার চেষ্টা করে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদল কুমার পাল বলেন, বেলা ২টার দিকে ৫০-৬০ জন তরুণ এসে হামলা করে এবং ব্যালট ছিনিয়ে নেয়। তারা ব্যালটে ছিল মেরে ফেলার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ এলে তারা পালিয়ে যায়। সিল মারা ব্যালটগুলো জব্দ করে বাতিল করা হয়েছে।
তবে কে বা কারা হামলা করেছে এ বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি তিনি।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ আতাউর রহমানের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন অভিযোগ করলেও পুলিশ কিংবা নির্বাচনী কর্মকর্তারা তা নিশ্চিত করতে পারেননি।
আতাউর স্থানীয় সাংসদ এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
মিরসরাই থানার এসআই সালেহ আহমেদ জানান, তরুণরা ভোটকেন্দ্রের বাইরে রাখা বাঁশের বেড়া ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ১৫/২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল বলে জানান তিনি।
এ কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৫৪১।
