বরিশালে জাল ভোট ও ব্যালট ছিনতাই, এএসআই বরখান্ত
বরিশালের গৌরনদী উপজেলায় জাল ভোট দেয়ার ঘটনায় এবং বাকেরগঞ্জে ব্যালটপেপার ছিনতাইয়ের ঘটনায় দুই এসএসআইসসহ পাঁচ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া চার যুবক আটক হয়েছে।
বুধবার দুপুরে গৌরনদী উপজেলায় শরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে চার যুবক। তারা হচ্ছে রাসেল খান, রাজিব খান, খোকন মৃধা ও রাকিব হোসেন।
এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রে কর্তব্যরত পুলিশের এসএসআই মো. নাসিরকে সাময়িক বরখাস্ত এবং কনস্টেবল নুরুল ইসলাম ও শহিদুল ইসলামকে পুলিশ লাইন্স এ প্রত্যাহার করা হয়েছে।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, দুপুরে শরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান বিভাগীয় কমিশনার নূরুল আমীন, ডিআইজি ডা. আব্দুর রহিমসহ কর্মকর্তারা।
এ সময় ওই চার যুবককে জাল ভোট দিতে দেখেন তারা। তাদের নির্দেশে ওই চার যুবককে আটক করা হয়।
“ভোটকেন্দ্রে কর্তব্যরত পুলিশের দায়িত্বে অবহেলার কারণে জাল ভোট দেয়ার ঘটনা ঘটেছে।
“তাই ওই কেন্দ্রে কর্তব্যরত এসএসআই নাসিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
পুলিশ লাইনস এ প্রত্যাহার করে নেয়া হয়েছে দুই কনস্টেবলকেও বলে জানান তিনি।
ব্যালট ছিনতাই
এদিকে বাকেরগঞ্জের চরামদ্দি বাদলপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪০টি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এক এসএসআই ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা ওই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
বরিশালের পুলিশ সুপার এহসান উল্ল্যাহ জানান, এএসআই মো. দুলাল ও কনস্টেবল সেলিম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
“তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।”
এছাড়া চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক আকনকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।
