হল পুনরুদ্ধারে জবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক
বেহাত হয়ে যাওয়া ছাত্রহল ও সম্পত্তি উদ্ধারের দাবিতে গত সপ্তাহ থেকে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন।
মঙ্গলবার আন্দোলনের ষষ্ঠ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান শেষে মানববন্ধন কর্মসূচিতে আন্দোলনের সমন্বয়ক শরিফুল ইসলাম বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করেন।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরিফুল বলেন, বেদখল হল উদ্ধার এবং নতুন হল নির্মাণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলগুলো উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান।
মঙ্গলবার দুই ভাগে বিভক্ত হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।
সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ শেষে নয়াবাজার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীদের একটি অংশ। সেখানে প্রাই দুই ঘণ্টার অবস্থান চলাকালে গুলিস্তান থেকে সদরঘাটমুখী যান চলাচল বন্ধ থাকে।
এখান থেকে আন্দোলনকারীরা দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় দুই ঘণ্টা অবস্থান নিয়ে ছিলেন। পরে তারা মানববন্ধনও করেন।
শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে সকাল সোয়া ১১টার দিকে বিক্ষোভকারীদের আরেকটি অংশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সমানের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
এখানেও তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।
বেদখল হলের বিষয়ে ভূমিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে জানিয়ে উপাচার্য সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেদখল এসব হল ও সম্পত্তি উদ্ধারে সরকারের উচ্চ পর্যায়ে চেষ্টা চলছে।
“ভূমিমন্ত্রী আমাকে জানিয়েছেন, দ্রুত হলগুলো পুনরুদ্ধারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।”
ফলে শিগগিরই হল সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বেদখল হল ও সম্পত্তি
সরেজমিন পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বেদখল হয়ে যাওয়া ছাত্রহলগুলো ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নয়টি ছাত্রহল এখন সংসদ সদস্য, পুলিশ, স্থানীয় প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতাদের দখলে রয়েছে।
এর মধ্যে এক সময়ের ছাত্রহল এবং পরে কর্মচারীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত স্থাপনাও রয়েছে।
তিব্বত হল: পাটুয়াটুলী ওয়াইজঘাট এলাকার ৮ ও ৯ নম্বর জিএল পার্থ লেনের ৮ দশমিক ৮৮৯ কাঠা জায়গায় ছাত্র হলটি সাংসদ হাজী সেলিম ২০০০ সাল থেকে দখল করে আছেন বলে অভিযোগ রয়েছে।
হলটির মূলভবনের বেশিরভাগ অংশ ভেঙে তিনি স্ত্রীর নামে ‘গুলশানআরা সিটি মার্কেট’ নির্মাণ করেছেন। তবে তিনি জায়গাটি তার নিজস্ব বলে দাবি করেছেন।
আবদুর রহমান হল: আরমানিটোলা বটতলার ৬, এসি রায় রোডের হল এখন পুলিশ সদস্যদের আবাস।
শহীদ আনোয়ার শফিক হল: আরমানিটোলা মাহুতটুলির ১, শরৎচন্দ্র চক্রবর্তী রোডের ৪০ কাঠার হলটি স্থানীয় প্রভাবশালীদের দখলে।
সাইদুর রহমান হল ও রউফমজুমদার হল: হল দুটির বর্তমানে অস্তিত্বই নেই। ১৫, ১৭ ও ২০ যদুনাথ বসাক লেন, টিপু সুলতান রোডের সাইদুর রহমান হলে হার্ডওয়ারের দোকান রয়েছে।
শহীদ আজমল হোসেন হল: পাটুয়াটুলীর ১৬ ও ১৭ নম্বর রমাকান্ত নন্দী লেনের হলটিতে একসময় বসবাস করত পুলিশ সদস্যদের পরিবার। এর কিছু অংশে গড়ে উঠেছিল বিভিন্ন সমিতি। ১৯৯৬ সালে এর একাংশ দখল করেন স্থানীয় মোশারফ হোসেন খান।
বজলুর রহমান হল : বংশালের ২৬, মালিটোলার হলটিতে সিটি করপোরেশনের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম চালানো হচ্ছে। ১৯৮৫ সালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ছাত্ররা হলটি ছাড়তে বাধ্য হন।
নজরুল ইসলাম হল : গোপীমোহন বসাক লেনের ৫/১, ২, ৩, ৪ ও ৬ নম্বর টিপু সুলতান রোডের হলটির ২০ কাঠা জায়গায় গড়ে ওঠেছে জামেয়া শরীয়াবাগ জান্নাত মাদ্রাসা ও এতিমখানা। সাবেক কমিশনার আওলাদ হোসেন দিলীপ এর তত্ত্বাবধান করেন।
হলটির একাংশ দখল করে ভবন নির্মাণ করেছেন বিটিভির সাবেক ক্যামেরাম্যান গোলামুন্নবী।
শহীদ শাহাবুদ্দিন হল: তাঁতীবাজার ৮২, ঝুলনবাড়ী লেনের হলটি দুই যুগেরও বেশি সময় পুলিশের দখলে ছিল। ২০০৯ সালের জুনে আওয়ামী লীগ নেতা আমিনুল হক এর দখল নেন।
কর্মচারী আবাস: ২৬, পাটুয়াটুলীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ছয়তলা আবাসস্থলে ক্রাউন মার্কেট তৈরি হয়েছে। জনৈক ওবায়দুল্লাহ এর মালিকানা দাবি করছেন। এটি একসময় ছাত্রহল হিসেবে ব্যবহৃত হয়েছে।
এছাড়া হাবিবুর রহমান হলটি ২০১২ সালের প্রথম দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের কাছে হস্থান্তর করেন।
বাণীভবন নামের হলটিও বিশ্ববিদ্যালয়ের দখলে রয়েছে। একসময়ের ছাত্র হলটিতে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বাস করছেন।
