অডিও জাওয়াহিরির আপলোড যুক্তরাষ্ট্রে: হাছান মাহমুদ
বাংলাদেশে জিহাদের আহ্বান জানিয়ে ইন্টারনেটে তোলা অডিওটেপটি যে আল কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরির, সে বিষয়ে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের।
তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে আপলোড হয়েছে।
জাওয়াহিরির ওই অডিওটেপ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে বুধবার দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান।
সম্প্রতি ইন্টারনেটে আল কায়েদার বর্তমান প্রধান আল-জাওয়াহিরির নাম ও ছবিসহ এক অডিও বার্তা প্রচারিত হয়, যাতে বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।
গত শনিবার গণমাধ্যমে এই বার্তার খবর প্রকাশের পর জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারদলীয় একাধিক সদস্য। তারা বিএনপি-জামায়াত জোটের সঙ্গে আল কায়েদার যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন।
এর প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘কাছে টানতেই’ দেশকে জঙ্গি, মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্র বানানোর ‘কৌশল’ নিয়েছে আওয়ামী লীগ।
দলের ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনেও হাছান মাহমুদ দাবি করেন, বিএনপি-জামায়াত জোট আল-কায়েদার সঙ্গে ‘হাত মিলিয়ে’ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
“জঙ্গি কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি-জামায়াত। তাদের কর্মকাণ্ডে সেটা প্রমাণিত হয়েছে। আমাদের ধারণা, এখনো আল-কায়েদার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। কারণ জাওয়াহিরির বক্তব্য ও বিএনপির অনেক বক্তব্য মিলে গেছে।”
যুক্তরাষ্ট্রকে নিয়ে ফখরুলের বক্তব্যের সমালোচনা করে হাছান বলেন, “নিজেদের সমালোচনা না করে বিএনপি বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছেন।
ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
“তবে দেশটির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। জঙ্গিবাদ দমনে দুই দেশ একযোগে কাজ করছে।”
অডিও টেপটির উৎস কোথায়- জানতে চাইলে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “যতদূর জানি অডিও বার্তাটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে বেরিয়েছে। আমি মনে করি, এটা আল কায়েদার পক্ষ থেকে জাওয়াহিরি দিয়েছেন।”
বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের অনেক শীর্ষ নেতা আল-কায়েদার প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা। জঙ্গিদের দমনে সরকার অতীতের মতো ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে মির্জা ফখরুলের সংশয় প্রকাশের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “ফখরুল সাহেব পদ রক্ষার জন্য নানা ধরনের কথা বলছেন। নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে সব সময় এমন করা হয়। সিটি করপোরেশন নির্বাচনেও এটা করা হয়েছিল।”
যুক্তরাষ্ট্রকে কাছে টানতে সরকারের কৌশল: বিএনপি
বাংলাদেশে জিহাদের ডাক ‘আল কায়েদার’
