‘সরকার উপজেলা নির্বাচনও একদলীয় করার ষড়যন্ত্রে’
সরকার সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনও একদলীয়ভাবে করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
এ দাবি করে তিনি বলেন, “সে কারণেই ক্রসফায়ারের নামে বিএনপির নেতা-কর্মীদেরকে বাকশালীয় কায়দায় হত্যা করছে।”
আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে শহর বিএনপি ও কোতয়ালী থানা বিএনপির যৌথ আলোচনা সভা এবং সদর উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহাবুবুল হাসান পিংকু, ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা বেগমের প্রতি দলীয় সমর্থন ঘোষণা করেন।
মাহাবুবুল জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে যুবদলের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক। গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে তিনি তৃতীয় অবস্থানে ছিলেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী বেনজীর জেলা ছাত্রদলের সভাপতি এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহেদা বিএনপির কর্মী এবং একটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য তিনি।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন মিয়া।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জাফর হোসেন বিশ্বাস, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক রউফ উন নবী, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমটি আক্তার টুটুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর যুবদলের সভাপতি রেজাউল ইসলাম রেজওয়ান ও সৈয়দ কামরুজ্জামান হারুন মিয়া।
