২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী শিশুরা শোনাল বাংলার কবিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 03:02 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

৩১টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। কিন্ডারগার্টেন (কেজি ) থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা চারটি দলে বিভক্ত হয়ে এতে অংশ নেয়।

এদিন আমেরিকায় জন্ম নেয়া শিশুদের কণ্ঠে উঠে আসে বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নিয়ে লেখা কবিতা।

প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে নিউইয়র্ক সিটির উডসাইডে কুইন্স প্যালেসে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবীন সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “সুদূর এ প্রবাসে জন্মগ্রহণকারী প্রজন্মকে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, ভাষার জন্যে বাঙালির রক্তদানের সুমহান ইতিহাস, একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা প্রদানে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।”

অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান ও সম্মিলিত মহান একুশ উদযাপন কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম, এ্যানি ফেরদৌস এবং আখতার হোসেন।

অনুষ্ঠানের উপস্থাপনা এবং পরিচালনায় ছিলেন গোলাম মোস্তফা।