ইসলামবাগে ডাকাতি
রাজধানীর ইসলামবাগের একটি বাসায় শেষ রাতে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই বাসায় ঢুকে ডাকাতরা আনুমানিক এক লাখ টাকা ও সাত ভরি সোনার গয়না লুটে নিয়ে যায়।
এ সময় গৃহকর্তা করিম মিয়া বাধা দিতে গেলে ডাকাতরা ঘরের ভেতরে একটি হাতবোমায় বিস্ফোরণ ঘটনায়।
এতে করিম মিয়া,তার স্ত্রী ও ছেলে আহত হন বলে ওসি জানান।
করিম মিয়ার পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, “ভোর ৪টার দিকে ডাকাতরা চারতলা ওই ভবনের তৃতীয় তলায় প্লাস্টিক ব্যবসায়ী করিম মিয়ার বাসায় যায় এবং দড়জায় ধাক্কা দেয়। পরিচয় জানতে চেয়ে করিম দড়জা খুললে তারা জোর করে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে টাকা ও সোনার গয়না লুটে নেয়।”
ডাকাতরা চলে যাওয়ার সময় করিম মিয়া একজনকে জাপটে ধরে ফেললে তারা বাসার ভেতরেই একটি ককটেল ফাটায় বলে জানান ওসি।
তিনি জানান, বিস্ফোরণে করিম মিয়া পায়ে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন।
ঘটনাস্থল ঘুরে দেখে পরে বিস্তারিত জানানো হবে বলে ওসি জানান।
