মোহনপুরে মাঠে সেনা -বিজিবি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা দিতে রাজশাহীর নির্বাচনী এলাকায় মাঠে নেমেছে সোনাবাহিনী ও বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
স্ট্রাইকিং ফোর্স হিসেবে রোববার রাতে রাজশাহীর নির্বাচনী এলাকা মোহনপুর উপজেলায় অবস্থান নেয় সেনা ও বিজিবি সদস্যরা।
সেনা সদস্যরা সোমবার থেকে নির্বাচনী এলাকায় টহল শুরু করলেও একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা রোববার সন্ধ্যা থেকেই টহল দেয়।
প্রথম দফার তফসিল অনুযায়ী এ উপজেলায় বুধবার ভোট গ্রহণ করা হবে।
এখনে চেয়ারম্যান পদে লড়ছেন প্রধান দুই দলের দুই উপজেলা সভাপতি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন সম্পন্ন করতে সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
“চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে।”
অস্থায়ী ক্যাম্প স্থাপন করে মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজিবি ও উপজেলার বাকশিমুইল উচ্চ বিদ্যালয়ে অবস্থান নিয়েছে সোনাবাহিনী।
রিটানিং অফিসার জানান, নির্বাচনী আচরণ বিধিসহ আইনশৃংখলা পরিস্থিতি দেখতে চারজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
ভোটের পরদিন পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় সেনা ও বিজিবি সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালান করবেন।
এ উপজেলা এক লাখ ১৫ হাজার ৫৩৫ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৮০০ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৭৩৫ জন।
মোহনপুর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, মোহনপুরের ৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
এরমধ্যে ১০টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা থাকবে বলে জানান ওসি জাকিরুল।
এ উপজেলায় তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আব্দুস সালাম (দোয়াত কলম), বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলার বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ (আনারস)।
এ দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে মনে করছেন স্থানীয়রা।
তবে মনোনয়ন দ্বন্দ্বে স্থানীয় বিএনপির একটি অংশের প্রচার প্রচারণায় নিষ্কৃয় থাকা এবং স্থানীয় সংসদ সদস্যের নিটক আত্মীয় হওয়ায় কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৯ দল সমর্থিত উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা আবুল কালাম আজাদ (টিবয়েল), বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম (বই) নির্বাচনের মাঠে রয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জোসনা আরা খাতুন (ফুটবল) ও জাতীয় পার্টির সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন বানেছা বেগম (কলস)।
তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়ায় সেচ্ছাসেবক দল থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়েছে।
