২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধারের পর র‌্যাবের বিষয়ে নিশ্চুপ মৃদুলের পরিবার

র‌্যাবের বিরুদ্ধে মামলা করলেও উদ্ধার পেয়ে এই বাহিনীর বিরুদ্ধে মুখ খুলছে না চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী কিংবা তার পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 06:46 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

স্বর্ণ ব্যবসায়ী মৃদুলকে পাওয়া গেল কুমিল্লায়

মৃদুলকে উদ্ধারের দাবিতে স্বর্ণ ব্যবসায়ীদের দেশব্যাপী ধর্মঘটের হুমকির পর সোমবার কুমিল্লার বুড়িচংয়ে আহত অবস্থায় পাওয়া যায় তাকে।

ছয় দিন আগে এই ব্যবসায়ী নিখোঁজ হওয়ার আগে র‌্যাবের এক মেজরের বিরুদ্ধে মামলা করেছিলেন ৮০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ এনে।

৪২ বছর বয়সী মৃদুলকে কুমিল্লা থেকে নিয়ে সোমবারই চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে পুলিশ তার সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেয়নি।

উদ্ধার হওয়ার পর মৃদুল কুমিল্লায় সাংবাদিকদের বলেছেন, তাকে তুলে নেয়ার পর মারধর করা হলেও কোনো মুক্তিপণ চাওয়া হয়নি।

মৃদুলের ভাই শিমুল চৌধুরী চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, “র‌্যাবের সঙ্গে অতীতে আমাদের শত্রুতা ছিল। তবে এ ঘটনা তারা করেছে কি না, তা আমাদের জানা নেই।”

গত ১১ ফেব্রুয়ারি অপরহণ হওয়ার দিন শিমুল প্রত্যক্ষদর্শী একজনকে উদ্ধৃত করে বলেছিলেন, “অস্ত্রধারীরা নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দিয়েছেন।”

র‌্যাবকে নিয়ে কোনো অভিযোগ মৃদুল করেননি বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাং শফিকুল ইসলাম।

হাসপাতালে মৃদুলকে দেখে এসে রাতে তিনি সাংবাদিকদের বলেন, “উনি নিশ্চিত নন কারা তাকে নিয়ে গিয়েছিল।”

এই অপহরণকাণ্ডে অভিযোগের মুখে থাকা র‌্যাবের সন্দেহ, মৃদুল নিজেই হয়ত আত্মগোপন করেছিল।

বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৃদুল নিজেই আত্মগোপন করেছিল কি না, সেটাই এখন দেখার বিষয়।

“তাছাড়া গাড়িচালককে দিয়ে ৮০ ভরি সোনা পাঠানোর ঘটনাটাও রহস্যজনক।”

গত বছরের শেষ দিকে গাড়িচালক বাবুল পালকে দিয়ে ৮০ ভরি স্বর্ণ ঢাকায় পাঠান মৃদুল, যা র‌্যাব আটক করেছিল বলে মৃদুলের অভিযোগ।

ওই স্বর্ণ আর ফেরত পাননি বলে মামলা করেন মৃদুল। সেদিনের পর থেকে বাবুলও লাপাত্তা।

চট্টগ্রামে পুরাতন টেলিগ্রাফ রোড থেকে গত ১১ ফেব্রুয়ারি মৃদুলকে তুলে নেয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। তিনি চট্টগ্রাম নিউ মার্কেটের দুলহান জুয়েলার্সের মালিক। হাজারিগলিতেও তার একটি গহনার দোকান রয়েছে।

মৃদুলের পরিবার ও স্বর্ণ ব্যবসায়ীরা অভিযোগ করে আসছিলেন, ৮০ ভরি স্বর্ণ লুটের অভিযোগে র‌্যাব-২-এর মেজর রকিবুল আমিন, র‌্যাবের সোর্স ফাহাদ চৌধুরী এবং নিজের গাড়িচালক বাবুল পালের বিরুদ্ধে মামলা করার পরপরই অপহরণের ঘটনা ঘটে।

ব্যবসায়ী মৃদুলের করা এই মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়া বলেন, “যে র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তার ব্যাপারে র‌্যাবও তদন্ত করছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে র‌্যাব তার ব্যাপারে কঠোর হতে দ্বিধা করবে না।”

গত ১১ ফেব্রুয়ারি মৃদুলকে অপহরণের পর তার ভাই শিমুল প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তা অপহরণ মামলায় রূপান্তর করা হয়।

শিমুলের বক্তব্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পরই একটি কালো রঙের মাইক্রো বাসে থাকা কয়েকজন লোক পিস্তল তাক করে তার ভাইকে তুলে নিয়ে যায়।

মৃদুল চৌধুরীর স্ত্রী শেলী চৌধুরী

মৃদুল চৌধুরীর স্ত্রী শেলী চৌধুরী

মৃদুল চৌধুরীর স্ত্রী শেলী চৌধুরী

অপহরণের পর মুক্তিপণ বা কিছু দাবি করে অপহরণকারীরা কোনো যোগাযোগ করেনি বলে মৃদুলের পরিবারের সদস্যরা জানান।

মৃদুলকে অপহরণের পর তাকে উদ্ধারের দাবিতে মাঠে নামে চট্টগ্রামের ব্যবসায়ীরা। তাকে উদ্ধার করা না হলে দেশব্যাপী ধর্মঘটের হুমকি দেন তারা।

এর মধ্যেই কুমিল্লার বুড়িচং থানার কংসনগর বাজারে সোমবার ভোরে অচেতন অবস্থায় পাওয়া যায় চট্টগ্রামের এই ব্যবসায়ীকে।

চট্টগ্রাম কোতোয়ালি থানার এসআই মো. কামারুজ্জামান জানান,  জ্ঞান ফিরলে মৃদুল বাজারের নৈশপ্রহরীর মোবাইল ফোন থেকে চট্টগ্রামে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের কাছ থেকে জেনে বুড়িচং থানায় খবর পাঠায় চট্টগ্রাম পুলিশ।

এরপর কোতোয়ালি থানা পুলিশের একটি দল কুমিল্লায় গিয়ে মৃদুলকে নিয়ে এসে বিকালে চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের রয়েল হাসাপাতালে ভর্তি করে।

পুলিশ মৃদুলের সঙ্গে কাউকে কথা বলতে না দিলেও তার ছোটভাই শিমুল সাংবাদিকদের বলেন, তার ভাইয়ের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে পায়ে জখম একটু বেশি।

মৃদুলের মুখে অপহরণের বর্ণনা

উদ্ধার হওয়ার পর চট্টগ্রাম রওনা হওয়ার আগ পর্যন্ত বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়িতে ছিলেন মৃদুল, সেখানে তিনি সাংবাদিকদের কাছে অপহরণকাণ্ডের বর্ণনা দেন।

এই ব্যবসায়ী বলেন, ছয় দিন অজ্ঞাত স্থানে বন্দি থাকা অবস্থায় অনেক নির্যাতন করা হলেও কোনো মুক্তিপণ দাবি করেনি অপহরণকারীরা।

তিনি দাবি করেন, চট্টগ্রামে পারিবারিক বা অর্থনৈতিক এমনকি ব্যবসা সূত্রেও কারো সঙ্গে তার কোনো বিরোধ নেই।

মৃদুল মুক্তিপণ চাওয়ার কথা অস্বীকার করলেও পুলিশ কমিশনার শফিক বলেন, “অপহরণকারীরা শুরুতে মৃদুল চৌধুরীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাইলেও পরে তারা তা থেকে সরে আসে।”

মৃদুল বলেন, ১১ ফেব্রুয়ারি দোকানে যেতে বাড়ি থেকে বের হওয়ার পরপরই ৬/৭ জন এসে তার মুখ চেপে ধরে কালো রঙের একটি নোয়া মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে বসিয়ে তার মুখে মুখোশ এঁটে দেয়।

“এর পর আমাকে কোথায় কোথায় রাখা হয়েছিল, তা বুঝতে পারিনি। আমার চোখ ও হাত-পা সবসময় বাঁধা ছিল। শুধু খাওয়ার সময় হাত খুলে দিত।”

চট্টগ্রামে হাসপাতালে নেয়া হচ্ছে মৃদুল চৌধুরীকে

চট্টগ্রামে হাসপাতালে নেয়া হচ্ছে মৃদুল চৌধুরীকে

চট্টগ্রামে হাসপাতালে নেয়া হচ্ছে মৃদুল চৌধুরীকে

মৃদুল বলেন, ১৪ ফেব্রুয়ারি অপহরণকারীরা তাকে বেদম পেটায়। তার এতে পিঠ-হাঁটু-পা-কোমরসহ শরীরের বেশ কয়েকটি স্থানে জখম হয়।

“গতকাল (রোববার) রাত ৮টার দিকে তারা আমাকে একটি মাইক্রোবাসে ওঠায়। এরপর চোখে মলম লাগিয়ে পট্টি বেঁধে দেয়।”

মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়ার আগে আবার চোখে মলম লাগিয়ে দেয়া হয় বলে মৃদুল জানান।

“এরপর গাড়ি থামিয়ে ধাক্কা দিয়ে আমাকে সড়কের পাশে ধানক্ষেতে ছুড়ে ফেলে। সেখানে অনেক চেষ্টার করে হাত-পায়ের বাঁধন খুলি।”

মৃদুলকে যে স্থানটিতে ফেলে যাওয়া হয়, তা বুড়িচংয়ের কংসনগর বাজারের দক্ষিণে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশের একটি ক্ষেত।

হাত-পায়ের বাঁধন খুলে রাত পৌনে ৩টার দিকে কংসনগর বাজারের নৈশপ্রহরী আবদুর রশিদ ভুঁইয়ার কাছে গিয়ে বিস্তারিত জানান মৃদুল। তখন রশিদ তার ঘরে এই ব্যবসায়ীকে আশ্রয় দেন।

রশিদের মোবাইল দিয়ে মৃদুল ফোনে স্ত্রী শেলী চৌধুরীর সঙ্গে কথা বলেন।

খবর পেয়ে চট্টগ্রাম থেকে মৃদুলের ভাই শিমুল ও ফুফাতো ভাই টিটু মনি সকালে দেবপুর পুলিশ ফাঁড়িতে পৌঁছেন।

সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে যান অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুরুজ্জামান। এরপর তাকে চট্টগ্রাম ফিরিয়ে নেয়া হয়।

মৃদুল পুলিশ কমিশনারকে জানিয়েছেন, তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল বলে তার ধারণা। চট্টগ্রাম থেকে ধরে নেয়ার পর পথে চারবার গাড়ি পরিবর্তন করা হয়।

“ব্যবসায়ী মৃদুল একটি স্থানের বর্ণনা দিয়েছেন। সেটি আমরা খতিয়ে দেখছি। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, তাও তদন্ত করে দেখা হচ্ছে,” বলেন পুলিশ কমিশনার।