২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে তুলার গুদামে দুই দফা আগুন

নরসিংদীর একটি টেক্সটাইল মিলে তুলার গুদামে দুই দফা অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বপক বাহিনী।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 11:24 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রহুল আমিন জানান, শহরের ব্রাক্ষ্মণদি এলাকায় ‘জবা টেক্সটাইল মিলে’ রোববার রাত ও সোমবার সকালে দুই দফা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে কারখানার তুলার গুদামে আগুন লাগলে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর সোমবার সকালের দিকে আবারো একই জায়গা থেকে আবার আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নরসিংদী, মাধবদী, ঘোড়াশাল, শিবপুর ও রায়পুরার ছয়টি ইউনিট সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন মাস্টর রহুল আমিনের ধারণা রাতে তুলার ভেতরে আগুন কিছুটা ছিল, যা সকালের দিকে আবার ছড়িয়ে পড়ে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কারখানা আবাসিক এলাকায় হওয়ায় আশেপাশে কোনো পুকুর পাওয়া যায়নি। আমাদের গাড়িতে যা পানি ছিল তাও শেষ হয়ে যায়। ফলে আগুন নেভাবে বেগ পেতে হয়।”

প্রথম দফায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে অগ্নি নির্বাপক কর্মীদের ধারণা।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।