২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটি গঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বায়ক করে ২৩ সদস্যের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 11:10 PM

Updated : 22 Aug 2022, 05:43 PM

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এই কমিটি নতুন বিভাগ, জেলা, সিটি করপোরেশন, উপজেলা, থানা ও পৌরসভা গঠন/স্থাপনের প্রস্তাব বিবেচনা এবং বিভাগ, জেলা, সিটি করপোরেশন, উপজেলা, থানা ও পৌরসভার সীমানা পুননির্ধারণ সংক্রান্ত প্রস্তাব বিবেচনা করবে।

প্রয়োজনে কমিটি আরো সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে উল্লেখ করে আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

কমিটির সদস্যরা হলেন- অর্থমন্ত্রী আবু মাল আবদুল মুহিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী আনিসুল হক।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক ছাড়াও বিষয় সংশ্লিষ্ট মন্ত্রী/প্রতিমন্ত্রীকে এই কমিটির সদস্য করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের (ভৌত অবকাঠামো) সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিবকে এই কমিটির সদস্য হিসাবে রাখা হয়েছে।