জবি’র হল উদ্ধারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল হল উদ্ধারে শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সমাধানের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
রোববার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের আট সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হল উদ্ধারের দাবি নিয়ে স্মারকলিপি দেয়ার সময় মন্ত্রী এ আশ্বাস দেন বলে জানিয়েছেন দলের সমন্বয়ক শরিফুল ইসলাম।
তিনি বলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধারের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।’
এদিকে সোমবারও আন্দোলন চলবে বলে জানান শরীফুল ইসলাম।
এর আগে বেদখল হল উদ্ধারের দাবিতে রোববার সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জবি’র সহস্রাধিক শিক্ষার্থী।
বেলা ১১টার দিকে তারা রায়সাহেব বাজার মোড় অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি ড. মো: সেলিম, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক রইছউদ্দিন ও অন্যান্য শিক্ষকরা।
এসময় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও।
সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের নীল দলের সভাপতি অধ্যাপক ড. সেলিম বলেন, “শিক্ষার্থীদের এ আন্দোলন অত্যন্ত যৌক্তিক। আন্দোলনকারীদের প্রতি শিক্ষকদের সর্বাত্নক সমর্থন রয়েছে।”
বেলা সোয়া ১২টার দিকে রায় সাহেববাজার মোড় অবরোধ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের আন্দোলনে পুরনো ঢাকা অঞ্চলের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে বিক্ষোভ মিছিল করে।
