ত্বকী হত্যার রহস্য উন্মোচন শিগগিরই: আইজিপি
নারায়ণগঞ্জের ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
রোববার নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বলেন, ত্বকী শিগগিরই এ হত্যার রহস্য উন্মোচন এবং সত্য উদঘাটিত হবে।
ত্বকী হত্যা মামলার বিষয়ে আইজিপি বলেন, “এই হত্যা মামলাটি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। সম্প্রতি আমাকে মামলার তদন্তকারী সংস্থা র্যাবের মহাপরিচালক জানিয়েছেন, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। শিঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে এবং সত্য উদঘাটন হবে।”
পুলিশ সুপারের কার্যালয়ে নির্মিত আইসিটি এবং সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী রোমাইসা সামাদ, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি) জাবেদ পাটোয়ারী, ডিআইজি (ঢাকা রেঞ্জ) মাহফুজুল হক নুরুজ্জামান, পুলিশ সুপার সৈদয় নুরুল ইসলাম প্রমুখ।
পরে শহরের মাসদাইর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন আইজিপি।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার মোড়, দুই নং রেলগেইট ও শহরের ডিআইটি মসজিদ এলাকায় ১২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া এর আগে নগরীর চাষাঢ়া মোড়েও ১২টি সিসি ক্যামেরা রয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় থেকে নগরীর গুরুত্বপূর্ণ এ পয়েন্টগুলো পর্যবেক্ষণ করা হবে।
এসব ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধন করেন আইজিপি।
