২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে চিনিকলে আখচাষিদের বিক্ষোভ

সরবরাহ করা আখের দাম আদায়ে পঞ্চগড়ে চিনিকলে তালা দিয়ে বিক্ষোভ করেছে চাষিরা।

সাইফুল আলম বাবু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 08:02 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সকাল সাড়ে দশটা থেকে বিক্ষোভকারীদের এ বাধায় মিলে আখ সরবরাহ আটকে গেলে বন্ধ হয়ে যায় উৎপাদনও।

পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলে বেলা দেড়টায় তালা খুলে দেয় চাষিরা।

আন্দোলকারীরা জানায়, জমি থেকে আখ কেটে পরিবহন খরচ দিয়ে চিনিকলে আখ সরবরাহ  করেন তারা। এর জন্য ধারও করতে হয়েছে তাদের; কিন্তু  এক মাস ধরে আখ বিক্রির টাকা পাচ্ছেন না।

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করলেও কর্তৃপক্ষ তাদের পাওনা শোধ করছে না। ফলে বিপাকে পড়ে অনেক চাষি ব্যবসায়ীদের কাছে বিলের চেয়ে ১০ ভাগ কম টাকায় আখের ওজন রশিদ (ডব্লিউআর) বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এ পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সকালে চিনিকলের প্রধান ফটকের সামনে কৃষকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ফটকে তালাও ঝুলিয়ে দেন।

আখচাষি সফিকুল ইসলাম বলেন, “চিনিকলের কাছে ৫০ হাজার টাকা পাব।

“এক মাস ধরে প্রায় প্রতিদিন এসে ধরনা দেই।  কোন টাকা পাইনি।

“তাই আজ  সকাল থেকে আমরা চিনিকলের ফটক বন্ধ করে আখ ঢোকা বন্ধ করে দিয়েছি”, বলেন সদরের কেচেরা পাড়া গ্রামের এই কৃষক।

সদর উপজেলার ভিতরগড় এলাকার অপর আখচাষি ওসমান গনি ক্ষুব্ধকণ্ঠে বলেন, “ইক্ষু ক্রয় কেন্দ্রে আখ দিয়ে কোন টাকা পাইনি।

“তাই টাকার প্রয়োজনে বাধ্য হয়ে ব্যবসায়ীদের কাছে ওজন রশিদ বিক্রয় করতে হচ্ছে।”

বোদা উপজেলার ব্যাংহারী মানিকপীর গ্রামের আইনুল হক বলেন, “গত এক সপ্তাহ ঘুরেও বকেয়া ২৫ হাজার টাকা পাইনি।”

এ চিনিকলের বিকিবাট্টার খবর পাওয়া গেল পচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক আহমদ আলী ছবির কাছে।

তারা জানান, ভ্রান্ত নীতির কারণে দাম কমিয়েও চিনি বেচতে পারেনি কর্তৃপক্ষ। গত তিন বছরে প্রায় ৪০ কোটি টাকার  চিনি কারখানায় পড়ে আছে।

এ কারণে চাষিদের বকেয়া থাকার পাশাপাশি শ্রমিক-কর্মচারীরাও এখন পর্যন্ত জানুয়ারির মজুরি-বেতন পাননি।

চাষিদের পাওনা টাকা পরিশোধ করতে না পারার কথা অকপটে স্বীকার করলেন পচিকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুর রশীদ।

তিনি বলেন, “গত ১৫ দিন ধরে আখচাষিদের টাকা দিতে পারিনি।

“টাকা চেয়ে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালককে (অর্থ) জানানো হয়েছে।”

এ সপ্তাহের মধ্যে কর্পোরেশন টাকা পাঠাবে আশা করছেন তিনি। আর ওই টাকা এলেই চাষিদের পাওনা দ্রুত মিটিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।