ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় দুই চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ বায়েজিদ জানান, রোববার ভোরের দিকে সরাইলের বৈশামুড়া ও মালিহাতায় দুর্ঘটনা দুটিতে আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
নিহত খায়রুল বেপারী ‘এনা পরিবহন’ কোচের চালক। আর পারভেজ মিয়া ছিলেন প্রাইভেটকারের চালক।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইন্সপেক্টর বায়েজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে বৈশামুড়া এলাকা অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কোচটি রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান চালক খায়রুল বেপারী।
এদিকে মালিহাতায় ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী প্রাইভেটকারের চালকও নিয়ন্ত্রন হারিয়ে ফেললে তা উল্টে যায়। এতে মারা যান পারভেজ মিয়া।
আহত পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
