২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটি: ৫ সভাপতি চায় বিরোধী দল, স্বতন্ত্রের আশা ২

দশম জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোর পাঁচটিতে সভাপতির পদ দাবি করছে বিরোধী দল জাতীয় পার্টি। আর ‘গুরুত্বপূর্ণ’ দুটি কমিটির সভাপতি পাবেন বলে আশা রয়েছে স্বতন্ত্র সাংসদদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 11:46 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

টানা চারদিন পর রোববার বিকেলে বসছে সংসদের মুলতুবি বৈঠক। এদিনই সংসদীয় কমিটি গঠনের কাজ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন চিফ হুইপ আ স ম ফিরোজ।

গত মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, রবি অথবা সোমবার সংসদীয় কমিটি গঠনের কাজ ‍শুরু হবে।

বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত সংসদে জাতীয় পার্টি থেকে দুইজন সভাপতি করা হয়েছিল। এবার আমরা শক্তিশালী বিরোধী দল, আমরা আশা করছি আমাদের অন্তত ৫টি সভাপতি দেয়া হবে।”

পাঁচটি কমিটির সভাপতির পদ চাইলেও সেগুলোতে কারা আসবেন বা সদস্য হিসেবে কাদের নাম দেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্তে আসেনি জাতীয় পার্টি।

জাতীয় পার্টি থেকে কাদের নাম প্রস্তাব করা হবে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, “নামের তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের নেত্রী (রওশন এরশাদ) হস্তান্তর করবেন।”

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, “সংসদীয় কমিটির সভাপতি ও সদস্য হিসেবে নামের তালিকা ঠিক করতে সংসদীয় দলের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। বিরোধী দলীয় নেতা এই নামের তালিকা ঠিক করবেন।”

বিধি অনুযায়ী, সংসদ নেতার অনুমতিক্রমে প্রধান হুইপ কমিটি গঠনের প্রস্তাব সংসদে আনেন। পরে সদস্যদের কণ্ঠ ভোটে সংসদীয় কমিটি গঠন করা হয়।

বিগত নবম সংসদের প্রথম অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠিত হয়। সেখানে প্রথম বারের মতো বিরোধী দল বিএনপি থেকে তিনজন সংসদ সদস্যকে তিনটি কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় পার্টি থেকে দুজন এবং ওয়ার্কার্স পার্টি ও জাসদ থেকে একজনকে সংসদীয় কমিটির সভাপতি করা হয়।

এদিকে সংসদে স্বতন্ত্র জোটের সভাপতি হাজী মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদীয় কমিটিতে কে সভাপতি হবেন আর কে হবে না সেটা সংসদ নেতা ঠিক করবেন।

“তবে আমরা আশা করছি, স্থানীয় সরকার বা স্বরাষ্ট্রের মতো দুটি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি স্বতন্ত্র জোট থেকে দেয়া হবে।”

দশম জাতীয় সংসদে স্বতন্ত্র হিসেবে ১৬জন সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৩ জানুয়ারি ঢাকা-৭ এর হাজী সেলিমকে সভাপতি এবং কুমিল্লা-৪ এর রাজী মোহাম্মদ ফখরুলকে সদস্য সচিব করে স্বতন্ত্র সদস্যদের জোট গঠন করা হয়।

দশম সংসদে এরইমধ্যে পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি দশম জাতীয় সংসদের সংসদ কমিটি, কার্য-উপদেষ্টা কমিটি, পিটিশন কমিটি, কার্যপ্রণালি বিধি কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।