শনিবারও ভিড় কাটেনি বইমেলার
পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে অতিরিক্ত ভিড়ের কারণে যারা বইমেলায় আসেননি তাদের অনেকেই স্বজনসহ শনিবার আসেন একুশে বইমেলায়।
সোহরাওয়ার্দী উদ্যান ও টিএসসির আশেপাশেও আগের দুদিনের মতো ভিড় না থাকলেও সাধারণ দিনের চেয়ে বেশি জনসমাগম ছিল।
দুই সন্তান ও স্বামী আবুল হাসান তালুকদারকে নিয়ে মেলায় আসা স্কুল শিক্ষিকা ফারজানা আক্তার জুঁই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। ৪-৫ বছর আগেও পহেলা ফাগুনটা অন্তত আমরা ক্যাম্পাসেই কাটাতাম। এখন এতো ভিড় থাকে যে, বাচ্চাকাচ্চা নিয়ে আর আসা সম্ভব হয় না।
“আজ প্রায়শ্চিত্ত করতে আসলাম। ক্যাম্পাস ঘুরে বই মেলায় আসলাম। বই কিনে রাতে বাইরে খেয়ে আমরা বাসায় যাবো। আজ আসার কারণে নিজেদের মতো করে পুরো সব ঘোরাফেরার কাজ আমরা শেষ করতে পারছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলিয়াস হোসেন বৃহস্পতিবার সকালে ক্লাস করতে এসে ভিড়ের ‘ভয়ে’ দুপুরের আগেই ক্যাম্পাস ছেড়েছিলেন। শনিবার সকালেই ক্যাম্পাসে চলে আসেন। আড্ডা দিয়ে বিকালে আসেন মেলায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভালোবাসা দিবস বা বসন্ত আগমনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকৃতপক্ষে আমাদের থাকে না। নগরবাসী আমাদের বিশ্ববিদ্যালয়কে তাদের উত্সবের কেন্দ্র করায় একদিকে ভালোও লাগে।
“অন্যদিকে এ সব দিনে ভিড়ের কারণে নিজের মতো করে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। এ কারণে খারাপও লাগে। যাই হোক নির্দিষ্ট দিনে আসতে না পারায় আজ আমরা একত্রে পহেলা ফাগুন ও ভালোবাসা দিবস উভয়টাই উদযাপন করে নিচ্ছি।”
কেরানিগঞ্জের দোকানি কবির হোসেন ভালোবাসা দিবসে স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে এসেছিলেন। তবে ভিড়ের কারণে মেলায় ঢুকতে পারেননি বলে তার স্ত্রী অভিমান করে বলে জানান।
তিনি বলেন, "আজ স্ত্রীকে আসতে বললেও আসেনি। এ কারণে আমি তার পছন্দের বই এবং গিফটের বইয়ের তালিকা নিয়ে এসেছি। বই কিনে নিয়ে গিয়ে তার মান ভাঙাতে হবে।"
শনিবার মেলায় ১২৬টি নতুন বই এসেছে। যার মধ্যে ১৭টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মেলায় আসা বইগুলোর মধ্যে রয়েছে মহাদেব সাহার কবিতার বই ‘ধুলো মাটির মানুষ’, ফাহমিদুল হক ও প্রণব ভৌমিকের ‘তারেক মাসুদ, জাতীয়তাবাদ ও চলচ্চিত্র’, বদরুদ্দীন উমরের আত্মজীবনী ‘আমার জীবন’ (তৃতীয় খণ্ড), হাসান আজিজুল হকের ছোট গল্পের বই ‘প্রেমের গল্প’ প্রভৃতি।
মেলায় নতুন বইগুলোর মধ্যে গল্প-১৯টি, উপন্যাস-১৯টি, প্রবন্ধ-১৫টি, কবিতা-৩৭টি, গবেষণা-২টি, ছড়া-২টি, শিশুতোষ-৩টি, জীবনী-৩টি, মুক্তিযুদ্ধ-২টি, নাটক-৩টি, বিজ্ঞান-২টি, ইতিহাস-১টি, চিকিৎসা-৩টি, রম্য/ধাঁধা-২টি, ধর্মীয়-১টি, সায়েন্স ফিকশন-২টি এবং অন্যান্য-১০টি। বই মেলায় এ পর্যন্ত নতুন বই এসেছে ১৩৮০টি।
রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুপ্রহর ছিলো। এ সময় অভিভাবকরা শিশুদের নিয়ে মেলায় এসে বই কেনেন। এছাড়া সকাল ১০টায় ছিল অমর একুশে উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা’র চূড়ান্ত নির্বাচন করা হয়।
বিকেল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হয় লালন শাহের ওপর আলোচনা। অনুষ্ঠানে 'লালন সাঁই-এর দেহতত্ত্ব’ শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের লালন গবেষক শক্তিনাথ ঝা। আলোচনায় অংশ নেন শফি আহমেদ, আবদুল ওয়াহাব, অসীমানন্দ গঙ্গোপাধ্যায় এবং রেজাউদ্দিন স্টালিন।
এতে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ভারতের কণ্ঠশিল্পী শুভেন্দু মাইতি। এছাড়া সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন ‘অচিন পাখি’।
বাংলা একাডেমীর সংবাদ সম্মেলন
রোববার বিকাল ৪টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলা একাডেমী। এতে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বই মেলার সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিকাল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জ্ঞানভিত্তিক সমাজ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্য-প্রযুক্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ পাঠ করবেন নজরুল ইসলাম খান। আলোচনায় অংশ নেবেন মোস্তফা জাব্বার, তারিক সুজাত, অপরেশ বন্দ্যোপাধ্যায় এবং মাহবুব জামান। সভাপতিত্ব করবেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
