পুনর্বাসন দাবি রানা প্লাজা ও তাজরিনে ক্ষতিগ্রস্তদের
সাভারে ধসে পড়া রানা প্লাজা ও অগ্নিকাণ্ডে তাজরীন ফ্যাশনসের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ কয়েকটি দাবিতে সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
এর আগে রানা প্লাজা এলাকা থেকে শ্রমিকরা একটি মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়।
সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম মালিক পক্ষ ও শিল্প পুলিশের সমালোচনা করে বলেন, মালিকের স্বার্থ রক্ষা করার জন্য যদি বাহিনী গঠন করা হয় তাহলে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে কেন বাহিনী গঠন করা হবে না।
তিনি অবিলম্বে রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।
বক্তারা বলেন, একজনকে হত্যা করলে একবার ফাঁসি হয়, আর যারা রানা প্লাজার ১২০০ জন মানুষ হত্যা করল তাদের কতবার ফাঁসি দেওয়া হবে?
গত বছরের ২৪ এপ্রিল সাভারের নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে, যার বিভিন্ন তলায় পাঁচটি পোশাক কারখানা ছিল।
১৩ মে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শেষ করার পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভবন ধসে মোট এক হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক জলী তালুকদার, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান আকাশ, সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু প্রমুখ।
