২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌদ্দগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হন ছয় জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 08:33 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দোলবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন কুমিল্লার মান্দারিয়া গ্রামের সেকান্দর আলী, চান্দিনার মাইজখার গ্রামের হোসনে আরা বেগম, কুমিল্লা নগরীর মোগলটুলীর মো. ওয়াদুদ আহমেদের শিশু কন্যা ফাতেমা বিনতে ওয়াদুদ।

এরা সবাই আত্মীয় এবং মাইক্রোবাসের যাত্রী বলে পুলিশ ও আহতরা জানিয়েছে।

আহতদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

মিয়ার বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহাবুদ্দিন আহম্মেদ ও স্থানীয়রা জানান, বরযাত্রীবাহী ওই মাইক্রোবাসটি ফেনীর দিকে যাওয়ার সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বেপরোয়া গতির বাস মাইক্রোবাসটিকে মুখোমুখি ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।