২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার নির্মাণ ব্যয় বাড়বে না: যোগাযোগমন্ত্রী

দেরি হলেও পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বাড়ছে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 05:45 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বিশ্ব ব্যাংকসহ ঋণদাতা সংস্থাগুলোর অর্থায়নে বহু প্রতীক্ষিত এই প্রকল্পের ব্যয় ২৯১ কোটি ডলার ধরা হয়েছিল। এখন নিজস্ব অর্থে সেতু নির্মাণের ব্যয়ও একই থাকছে বলে বৃহস্পতিবার জানালেন মন্ত্রী।

দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে টানাপড়েনে পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ঋণ না নিয়ে নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ শুরু করেছে সরকার।

পাঁচ বছরের ব্যবধানে নির্মাণ ব্যয় বেড়ে যাবে বলে আলোচনা হলেও ওবায়দুল কাদের তা নাকচ করে সাংবাদিকদের বলেন, “মূল সেতুতে ব্যয় বাড়বে না, আমরা এখন পর্যন্ত ব্যয় বৃদ্ধির কোনো চিন্তা করিনি।”

৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর আগের নকশায় রেল ও সড়ক পথ একসঙ্গেই ছিল, ওই নকশায় পরিবর্তন হচ্ছে না বলে আগেই জানিয়েছিল সরকার।

তবে পদ্মায় পরিবর্তনশীল স্রোতের কারণে সময় আরো গড়ালে নদী শাসনের ব্যয় বাড়তে পারে বলে মনে করেন মন্ত্রী।

নদী শাসনের বিষয়ে কাজ করতে পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে জানিয়ে তিনি বলেন, এই বছরই নদী শাসনের সঙ্গে মূল সেতুর কাজ শুরু করতে চাই।

পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা সড়কপথে সরাসরি যুক্ত হবে রাজধানীর সঙ্গে। পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১.২ শতাংশ বাড়বে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাযার আল সেহির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে দেশের বৃহত্তম নির্মাণ প্রকল্প নিয়ে কথা বলেন যোগাযোগমন্ত্রী।

রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি বাংলাদেশের যোগাযোগ খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রকল্পগুলোতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

“কতগুলো পিপিপি প্রকল্পের তালিকা তাকে দেয়া হয়েছে। সেখান থেকে তারা সিলেক্ট করবেন, কোন কোন প্রকল্পে অংশ নিতে পারবেন তারা।”

এই বিষয়ে আলোচনা চূড়ান্ত করতে আমিরাত যাবেন বলেও জানান ওবায়দুল কাদের।

রিজার্ভে চাপ ‘ফেলবে না’ পদ্মা