২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতা নিখোঁজ

ঢাকায় ছাত্রলীগের এক নেতার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

তানভীর হাসান অঞ্জন (২২) নামে ওই নেতা গত ১৭ দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছেন তার বাবা তমিজউদ্দিন।

রাজধানীর ভাটারা থানা ছাত্রলীগের এই সাংগঠনিক সম্পাদকের অন্তর্ধাণের পেছনে তার বন্ধুদের কারো হাত রয়েছে বলে বাবার সন্দেহ।

তানভীরের খোঁজ না পেয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। তবে তাতেও কোনো ফল না পেয়ে বৃহস্পতিবার ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করা হয়।

এই সংবাদ সম্মেলনের পর যোগাযোগ করা হলে ভাটারা থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

“সার্বক্ষণিক এই বিষয়টি তদারকির জন্য একজন এসআই কাজ করছে। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে তানভীরকে উদ্ধারে।”

তানভীরকে উদ্ধারের কাজে গতি আনার আহ্বানে ওই সংবাদ সম্মেলনে তার বাবার পাশাপাশি মা নারগিস বেগম, বোন তানিয়া ও সোনিয়া, চাচা সিরাজ মোল্লা ও ফুফা আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

নারগিস বেগম বলেন, গত ২৮ জানুয়ারি দুপুরে জোয়ার সাহারার বাসা থেকে মোটর সাইকেল নিয়ে উত্তরায় যায় তানভীর। ওই সময় তার সঙ্গে ছিল বন্ধু সানির ছোট ভাই ইভান।

এরপর থেকে তানভীরের আর কোনো খবর পায়নি তার পরিবার। শুরুতে তার মোবাইল ফোনটি চালু থাকলেও কেউ ধরত না। কিছুদিন ধরে তা পুরোপুরি বন্ধ।

তানভীরের খোঁজে ইভানের সঙ্গে কথা বলে নারগিস বেগম জানতে পেরেছেন, তারা দুজন সেদিন উত্তরার ১৩ নম্বর সেক্টরে কেএফসির সামনে গিয়েছিল, সেখানে সানি ছিল। সানির কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়ে তানভীর বাড়ির পথে রওনা হয়।

অনেক খোঁজাখুঁজির পর তানভীরকে না পেয়ে ভাটারা ও উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করে তানভীরের পরিবার।

তমিজ উদ্দিন বলেন, তানভীরের মোটর সাইকেলটি গত ১ ফেব্রুয়ারি শাহজালাল বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ে পাওয়া যায়।

তিনি জানান, তার পাঁচ সন্তানের মধ্যে একমাত্র ছেলে তানভীর শান্তা মারিয়াম ইউনিভার্সিটিতে এমবিএতে পড়তেন। এক বছর আগে রাজনীতিতে যুক্ত হয়ে ভাটারা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হন তার ছেলে।

এই ঘটনার সঙ্গে পারিবরিক কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না- জানতে চাইলে তমিজ উদ্দিন বলেন, “জোয়ার সাহারায় আমার বেশ কিছু জমি থাকলেও তা নিয়ে কারো সঙ্গে বিরোধ নেই।”

তার ধারণা, সঙ্গে থাকা বন্ধুরাই তানভীরের নিখোঁজ হওয়ার জন্য দায়ী।

নিখোঁজ হওয়ার দিন তানভীরের সঙ্গে থাকা ইভান ও সানি নিজেদের বাসায় রয়েছে বলে জানান তমিজ উদ্দিন।