২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধারে ৭২ ঘন্টার আল্টিমেটাম

অপহৃত স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে উদ্ধারে প্রশাসনকে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 09:08 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই সময়ের মধ্যে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা না হলে ধর্মঘটসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতির চট্টগ্রাম শাখার নেতারা।

এতে জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ ছাড়াও অপহৃত ব্যবসায়ীর স্ত্রী শেলী চৌধুরী ও ভাই শিমুল চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি নুরুল আবছার চৌধুরী প্রশাসনকে ৭২ ঘন্টার সময় দিয়ে বলেন, “ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে জীবিত উদ্ধার করতে হবে। অন্যথায় চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীরা ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

ওই ব্যবসায়ীকে কোন সংস্থা নয়, সন্ত্রাসী গ্রুপ অপহরণ করে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

অপহরণ করা হলেও বুধবার বিকাল পর্যন্ত তার কোনো হদিস বা অপহরণকারীদের পক্ষ থেকে অপহৃতের পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি বলে নুরুল আবছার জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর।

সমিতির পক্ষ থেকে মৃদুল চৌধুরীকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কেসিদে রোডে প্রতিবাদী মানববন্ধন করার ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কেসিদে রোড প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়সংলগ্ন সড়কে নিজ বাসা থেকে বের হওয়ার পর একটি মাইক্রোবাসে করে পাঁচ-ছয়জন ব্যক্তি নিজেদের ‘র‌্যাব-ডিবি’র লোক পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

ঘটনার পরপর কোতয়ালী থানায় একটি অপহরণের সাধারণ ডায়রি করা হয়, যা পরবর্তীতে মামলায় পরিণত হয়।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে র‌্যাব পরিচয় দিয়ে মৃদুল চৌধুরীকে র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয়েছে দাবি করা হলেও পরে তারা সে দাবি থেকে সরে আসে।

বুধবার সংবাদ সম্মেলন থেকেও দাবি করা হয় কোন একটি সন্ত্রাসী গ্রুপ তাকে অপহরণ করেছে।

স্বামীকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সংবাদ সম্মেলনে উপস্থিত অপহৃত স্বর্ণ ব্যবসায়ী মৃদুলের স্ত্রী শেলী চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে তার স্বামীকে উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, “আমার স্বামী কোনো অন্যায় ব্যবসা করত না। তার সাথে কারও কোনো শত্রুতাও ছিল না। তাকে কেন অপহরণ করবে?”

তিনি পুলিশসহ প্রশাসনের সকল কর্তাদেরও তার স্বামীকে জীবিত উদ্ধারের দাবি জানান।

মৃদুলের ছোটভাই শিমুল চৌধুরীও তার ভাইকে উদ্ধারে সবার সহযোগিতা কামনা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঝুনু সাহা নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলনে বলেন, অস্ত্র দেখিয়েই ছয়-সাতজন লোক নিজেদের র‌্যাব-ডিবি’র লোক পরিচয় দিয়ে অস্ত্রের মুখে মৃদুল চৌধুরীকে তুলে নিয়ে যান।

অপহৃতের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, স্বর্ণ ব্যবসায়ী মৃদুল তার গাড়ি চালককে দিয়ে ট্রেনে করে আশি ভরি স্বর্ণ ঢাকায় পাঠানোর সময় র‌্যাবের কর্মকর্তা ও এক সোর্স এগুলো আত্মসাত করে।

পরবর্তীতে স্বর্ণ ফেরত না দেয়ায় গত ১৫ জানুয়ারি ঢাকার একটি আদালতে র‌্যাবের এক কর্মকর্তা ও সোর্সের বিরুদ্ধে একটি মামলা করেন মৃদুল চৌধুরী।

মৃদুলের পরিবারের দাবি, এর জের ধরে র‌্যাব পরিচয় দিয়ে এ অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে।