বিশ্বসাহিত্য কেন্দ্রে বিকাশের ৩৪ হাজার বই
বই পড়ার অভ্যাসের মাধ্যমে ‘আলোকিত মানুষ গড়া’র স্লোগান নিয়ে কার্যক্রম চালানো বিশ্বসাহিত্য কেন্দ্রকে ৩৪ হাজার বই দিয়েছে মোবাইল ফোনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি ‘দেশ-ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’এর জন্য এসব বই অনুদান হিসেবে দিয়েছে বিকাশ।
বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদের হাতে বই তুলে দেন বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।
অনুষ্ঠানে জানানো হয়, বিকাশের সহায়তায় প্রতিবছর ৪৬০টি স্কুলের ৪৫ হাজার শিক্ষার্থীর কাছে বই পড়া কর্মসূচি পৌঁছে দেয়া হবে।
অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর বলেন, “বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত।”
“বিশ্বসাহিত্য কেন্দ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়ার অভ্যাস, উচ্চমূল্যবোধ এবং উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার মত চমৎকার কাজ করে যাচ্ছে”।
কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “বিশ্বসাহিত্য কেন্দ্র ৩৫ বছর ধরে আলোকিত মানুষ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। আমাদের এই প্রচেষ্টায় বিকাশ এর মত প্রতিষ্ঠানের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।”
বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বই পড়া কর্মসূচি ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য পরিচালিত হয়।
