২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনে সংখ্যালঘুদের জন্য বিশেষ নিরাপত্তা: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে উপজেলা নির্বাচনে সংখ্যালঘু, নারী ও অনগ্রসর ভোটারদের নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 05:55 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার রাজধানীতে উপজেলা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে এক সভা শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

তিনি বলেছেন, “সংখ্যালঘু, নারী ও অনগ্রসর ভোটারদের জন্য বিশেষ নজর রাখতে বলা হয়েছে। যাতে করে নির্ভয়ে সবাই ভোটকেন্দ্রে আসতে পারেন ও কোনো প্রতিকূলতার মধ্যে না পড়েন।”

বুধবার দুপরে শেরে বাংলা নগরে এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, “সবার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোনো প্রকার সহিংসতার কোনো আশঙ্কা করছে না আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।”

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে নেতিবাচক কোনো পরিস্থিতির ইঙ্গিত নেই উল্লেখ করে তিনি বলেন, “উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন হবে।

“একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না।”

নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সিইসি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে সেনা বাহিনী থাকবে পাঁচ দিন। এসময় র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি দায়িত্ব পালন করবে।

নির্বাচনের আগে-পরে সবার জন্য সমান সুযোগ তৈরিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

আগমী ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় ৯৮টি উপজেলায় ভোট হবে। দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় ২৭ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ৮৩ উপজেলায় ১৫ মার্চ ভোট হবে।

এছাড়া শিগগিরই চতুর্থ দফার ভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

উপজেলা: দ্বিতীয় দফায় প্রার্থী ১৩৭৬