কারখানায় পোশাক শ্রমিকের ‘আত্মহত্যা’
রাজধানীর সিদ্দিকবাজারে এক গেঞ্জি কারখানায় এক নারী শ্রমিক ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ।
সহকর্মীরা মুকুলি আক্তার (২১) নামে ওই শ্রমিককে বুধবার সকালে সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসান বলেন, “কারখানায় শ্রমিক থাকা অবস্থায় আরেক শ্রমিক কীভাবে আত্মহত্যা করল- তা আমরা তদন্ত করে দেখছি।”
সিদ্দিকবাজার সমীর কমিশনার বাড়িতে ‘ভাণ্ডারিয়া গেঞ্জি কারখানা’ নামের ওই প্রতিষ্ঠানের মালিক মো. সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য দিনের মতোই সকালে কাজে আসেন মুকুলি।
“অন্য শ্রমিকদের অগোচরে সকাল পৌনে ১১টার দিকে সে স্টোরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে অন্য শ্রমিকরা ঝুলন্ত মুকুলিকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।”
সিদ্দিক বলেন, মুকুলি ওই কারখানায় কাজ শুরু করেন মাসখানেক আগে। তার বেতন ছিল চার হাজার টাকা। তার বাসা সবুজবাগের মাণ্ডায়।
তার আত্মহত্যার কি কারণ থাকতে পারে- এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি কারখানা মালিক।
